শ্লীলতাহানির প্রতিবাদ করায় মহিলাকেই রাস্তার মধ্যে গণধোলাই উত্তরপ্রদেশে
রাস্তার মধ্যেই দুটি লোক মিলে মহিলার শ্লীলতাহানি করার চেষ্টা করছিল। তাঁকে ছুঁতে গেলে মহিলা প্রতিবাদ করেন। আর তার বদলে নির্মমভাবে প্রহৃত হতে হল তাঁকে।
লখনৌ, ২২ ডিসেম্বর : এক মহিলাকে রাস্তায় সকলের সামনে লাঠিপেটা করা হল। তাঁকে রক্তাক্ত হতে দেখেও কেউ বাঁচাল না। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেইনপুরী এলাকায়। যে এলাকার ভূমিপুত্র বর্তমান মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদবের বাবা তথা সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব।
ঘটনায় বেদম প্রহৃত হয়েছে মহিলার মেয়েও। কারণ সে মাকে আগলে ধরে ছিল। জানা গিয়েছে, রাস্তার মধ্যেই দুটি লোক মিলে মহিলার শ্লীলতাহানি করার চেষ্টা করছিল। তাঁকে ছুঁতে গেলে মহিলা প্রতিবাদ করেন। আর তার বদলে নির্মমভাবে প্রহৃত হতে হল তাঁকে।

মহিলা একটি ঠিকানা খুঁজছিলেন। রাস্তায় ওই দুটি লোককে তা জিজ্ঞাসা করায় অভব্যতা করে লোকদুটি। তার প্রতিবাদ করাতেই এমন দশা হল দুই সন্তানের জননীর।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী ১ জনের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, মহিলাকে মারধরের সময়ে কেউ তাঁকে বাঁচাতে আসেনি।
কিছুদিন পরই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। এই ঘটনা ও তার ভিডিও সামনে আসার পরই বিরোধী দলগুলি কোমর বেঁধে সপা সরকারের বিরোধিতায় সরব হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা তলানিতে নেমেছে এমন বলেই পরিবর্তনের ডাক দিয়েছেন বিরোধীরা।












Click it and Unblock the Notifications