২৪ ঘণ্টায় আক্রান্ত সাড়ে ১৮ হাজার, ছ’দিনের মধ্যে দেশের করোনা সংক্রমণ ৪ থেকে পাঁচ লক্ষে পৌঁছালো
দেশে করোনা সংক্রমণ বাড়ছে। আর তা শুক্রবার ৫ লক্ষ অতিক্রম করে গেল। জানা গিয়েছে, মাত্র ছ’দিনের মধ্যেই ৪ লক্ষ থেকে ৫ লক্ষ কেসে পৌঁছে গিয়েছে দেশ। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে এই রোগে আক্রান্ত হল সাড়ে ১৮ হাজার।

তিন রাজ্য দায়ী দেশের করোনা সংক্রমণকে বাড়াতে
শুক্রবার সন্ধ্যায় মহারাষ্ট্র ও অন্যান্য রাজ্য থেকে নতুন করে করোনা সংক্রমণের খবর পাওয়ার পর দেশে করোনা ভাইরাস কেস পাঁচ লক্ষ অতিক্রম করে যায়। যদিও সরকারিভাবে এই সংখ্যাটা বলা হচ্ছে ৪.৯০ লক্ষ এবং স্বাস্থ্য মন্ত্রকের ড্যাশবোর্ডেও শুক্রবার সকালে এই আপডেট ছিল। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তাদের ওয়েবসাইটে দেশের করোনা ভাইরাস আপডেট হিসাবে ৪,৯০,৪০১ দেয় এবং ১৫,৩০১ জনের মৃত্যুর সংখ্যা আপডেট করে।

মহারাষ্ট্রে অবস্থা জটিল
মহারাষ্ট্র, দিল্লি ও তামিলনাড়ু দেশের এই তিন রাজ্যের অবস্থা অত্যন্ত খারাপ হওয়ার কারণেই দেশে করোনা ভাইরাসের সংখ্যা ৫ লক্ষ অতিক্রম করে যায়। শুক্রবার মহারাষ্ট্রে পাঁচ হাজারের বেশি কেস ধরা পড়েছে, যা প্রতিদিনের তুলনায় এদিনই সবচেয়ে বেশি কেস এ রাজ্যে ধরা পড়ে। শুক্রবার এ রাজ্যে ৫,০২৪ কেসের সন্ধান পাওয়া যায়। সব মিলিয়ে এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনা সংক্রমণের সংখ্যা ১.৫ লক্ষ ছাড়িয়েছে (১,৫২,৭৬৫)।

দিল্লি–তামিলনাড়ুর অবস্থাও শোচনীয়
একইভাবে দিল্লির অবস্থাও অত্যন্ত খারাপ। শুক্রবার দিল্লিতে একদিনে ধরা পড়েছে ৩,৪৬০টি কেস এবং তামিলনাড়ুতে ধরা পড়েছে ৩,৬৪৫টি কেস। দিল্লি ও তামিলনাড়ু এই দুই রাজ্যে মোট করোনা সংক্রমণের সংখ্যা ৭৭,২৪০ ও ৭০,৯৭৭।

শুক্রবার ১৭ হাজার কেস একদিনে ধরা পড়ে
এই তিন রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা যোগ করলে দেশের কোভিড সংক্রমণের সংখ্যা দাঁড়াচ্ছে ৫,০২,৫৩০। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, শুক্রবার নতুন করে ১৭ হাজার জন করোনায় আক্রান্ত হয়, যা একদিনে সবচেয়ে বেশি, এই সংখ্যার পর দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৪,৯০,৪০১ জন। অন্যদিকে ৪০৭টি নতুন মৃত্যু নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৩০১। শুক্রবার সকাল আটটার সময় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যে দেখা যায় প্রতিদিনের কোভিড-১৯ কেসের ক্ষেত্রে এদিনই সবচেয়ে বেশি ১৭,২৯৬ টি কেস ধরা পড়েছে।

ছ’দিনে ৪ লক্ষ থেকে পাঁচ লক্ষ কেস
ভারত একের পর এক সপ্তম দিনে ১৪,০০০ এরও বেশি মামলা নথিভুক্ত করেছে এবং ১ জুন থেকে ২৬ জুন পর্যন্ত ২,৯৯,৮৬৬ সংক্রমণ বেড়েছে। করোনা কেস এক লক্ষ থেকে ৪ লক্ষ এবং মাত্র ছ'দিনের ব্যবধানে তা পাঁচ লক্ষে পৌঁছে যায়। ২১ জুন একদিনে ১৫,৪১৩টি কোভিড-১৯ কেস ধরা পড়েছিল, যা দেশের মোট করোনা সংখ্যাকে ৪ লক্ষে পৌঁছে দিয়েছিল।












Click it and Unblock the Notifications