আচমকা ভেঙে পড়ল নবনির্মিত রাস্তার এক অংশ, বিজেপি শাসিত রাজ্যে উঠছে দুর্নীতির প্রশ্ন
এক বছরও পেরোয়নি তার মধ্যেই ভেঙে পড়ল রাস্তার একাংশ। দেখলে মনে হবে যেন কোনও এক বিশাল ভূমিকম্প হয়েছে আর তাতেই রাস্তায় গর্ত হয়ে গিয়েছে, কিন্তু সে সব কিছুই হয়নি। খারাপ মশলা ব্যাবহার করার ফল। এক বছরের মধ্যে রাস্তায় ধস নেমে সম্পূর্ণ একটি অংশ ভেঙে চলে গিয়েছে।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাইসেন জেলার কালিয়াসোত নদীর উপর একটি সেতুর কাছে যাওয়ার রাস্তায়। এর একটি অংশ যা মন্ডিদীপ এলাকার কাছে অবস্থিত এবং রাজধানী ভোপাল থেকে ২৫ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত সেটি মঙ্গলবার সকালে নির্মাণের এক বছরেরও কম সময়ের মধ্যেই ভেঙে পড়ে। তবে এই ঘটনায় কেউ আহত হননি, আবার কোনও হতাহতের ঘটনাও ঘটেনি।
সেতুটি জাতীয় সড়ক ৪৬ এর অংশ এবং একটি ৪৫-কিলোমিটার লম্বা রাস্তা যা নির্মাণ সংস্থা সিডিএস ইনফ্রার হাতে আনুমানিক ৫০০ কোটি টাকার কিছু বেশি ব্যয়ে তৈরি হয়েছিল। সংস্থাটি এখনও রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এবং সংগৃহীত টোল ট্যাক্স জাতীয় সড়ক কর্তৃপক্ষ, এনএইচএআই-এর কাছে যায়।
নির্মাণ সংস্থার বিরুদ্ধে অতীতে এমন খারাপ কাজের অভিযোগ আনা হয়েছিল। বিমানবন্দরের কাছে নির্মিত একটি ফ্লাইওভার জনসাধারণের যান চলাচলের জন্য উন্মুক্ত করার আগেই ফাটল দেখা যায়। যদিও রাজ্য সরকার ভারি বর্ষণকে ধসের জন্য দায়ী করেছে। ক্যাবিনেট মন্ত্রী বিশ্বাস সারাং বলেছেন, "তদন্তের পরে কারণ জানা যাবে , তবে আমরা জানি গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, আমরা ক্ষতিগ্রস্থ প্যাচ থেকে ট্র্যাফিককে সরিয়ে দিয়েছি।"
মধ্যপ্রদেশ সড়ক উন্নয়ন কর্পোরেশনের একজন ইঞ্জিনিয়ার বলেছেন, "গত কয়েকদিন ধরে মধ্যপ্রদেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হচ্ছে। ভোপাল ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। সমস্ত জলাধার কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এবং তাদের গেট খুলে দেওয়া হয়েছে। রবিবার, ভোপালের কালিয়াসোট বাঁধের গেটগুলি খুলে দেওয়া হয়েছিল এবং মন্ডিদীপে জল পৌঁছানোর কারণে সেতুটি চাপ নিতে পারেনি, " ।
কংগ্রেস অবশ্য দুর্নীতির অভিযোগ এনেছে। কংগ্রেস মুখপাত্র নরেন্দ্র সালুজা বলেছেন, "সেতুটি গত বছরই নির্মাণ করা হয়েছিল এবং এই বৃষ্টিতে তা দাঁড়াতে পারল না! এটা কীভাবে সম্ভব? আমরা নিশ্চিত এই রাস্তা তৈরি করতে দুর্নীতি হয়েছে। এটা সেই কথাই বলে। সৌভাগ্যক্রমে, কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।" এবার এই ঘটনার সাপেক্ষে কি পদক্ষেপ নেয় রাজ্য সরকার এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications