কেন্দ্রের এই নির্দেশ না মানলে ভারতে বন্ধ হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ! তীব্র চাপানউতোর নেটপাড়ায়
কেন্দ্রের এই নির্দেশ না মানলে ভারতে বন্ধ হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ! তীব্র চাপানউতোর নেটপাড়ায়
টানাপোড়েন চলছিল দীর্ঘদিন থেকেই। এদিকে নিজেদের দাবিতে শুরু থেকেই অনড় দুপক্ষই। এমতাবস্থায় এদিন ফের নতুন প্রাইভেসি পলিসি বদলানোর জন্য হোয়াটসঅ্যাপকে নোটিশ দিল কেন্দ্র। কেন্দ্রের তথ্য-সম্প্রচার মন্ত্রকের তরফে এই নোটিশ পাঠানো হয়েছে বলে শোনা যাচ্ছে। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে চাপানৌতর।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে নোটিশ
কেন্দ্রের দাবি, এই মেসেঞ্জার অ্যাপের নতুন পলিসি ব্যবহারকারীদের গোপনীয়তা ভঙ্গ করছে। এমনকী এই নীতি ভারতীয় আইন ব্যবস্থারও পরিপন্থী। এর আগেও এই বিষয়ে ফেসবুক অধীনস্থ হোয়টসঅ্যাপকে নোটিস পাঠিয়েছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। কিন্তু তাতে বিশেষ কর্ণপাত না করায় এদিন ফের নোটিশ পাঠানো হয়। ওই নোটিশেই বিশদে বলা হয়েছে এই জনপ্রিয় মেসেজিং সংস্থা কীভাবে তাদের নয়া প্রাইভেসি পলিসি দিয়ে ভারতীয় আইন ব্যবস্থার বিরুদ্ধাচারণ করছে।

সাতদিনের মধ্যে দিতে হবে জবাব
এদিকে নোটিসের জবাব দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপকে সাতদিন সময় দিয়েছে কেন্দ্র।এর আগের নোটিশেও হোয়াটসঅ্যাপকে নিজের নয়া প্রাইভেসি নীতি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্র । এবারও সেই এক কথা বলা হয়েছে বলে খবর। তবে এবার কেন্দ্রের নির্দেশের তোয়াক্কা না করলে আইনের পথেই হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রয়োজনে ভারতের মাটিতে বন্ধও হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপের কার্যকলাপ।

ভয় কোন জায়গায় ?
অনেক তথ্য-প্রযুক্তি বিশারদদের মতে নাগরিকদের ডেটা নিরাপত্তা, ব্যক্তিগত কথোপকথন অচিরেই ফাঁস করছে নতুন প্রাইভেসি পলিসি। ফেসবুকের অন্তর্ভুক্ত এই অ্যাপের নয়া পলিসি মেনে নিলে ফাঁস হয়ে যেতে পারে ব্যক্তিগত তথ্য, এমনও আশঙ্কা করেন অনেকে। এমনকী এই ভয়ে অনেকেই হোয়াটঅ্যাপ করা বন্ধও করে দেন বিগত কয়েক মাসে। যা নিয়েও বিস্তর জলঘোলা হয়।

হোয়াটসঅ্যাপকে নোটিশ সুপ্রিম কোর্টের তরফেও
এদিকে নয়া প্রাইভেসি পলিসির জেরে হোয়াটসঅ্যাপ চ্যাটের তথ্য এবং স্মার্টফোনে সেভ থাকা বিভিন্ন পাসওয়ার্ড কিংবা ফোন নম্বর ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে। এদিকে গত ফেব্রুয়ারিতে হোয়াটসঅ্যাপের নতুন গোপনীয়তা নীতি নিয়ে কেন্দ্র এবং হোয়াটসঅ্যাপকে নোটিশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপর থেকেই নড়েচড়ে বসে সরকার। এমতাবস্থায় নতুন নোটিশের পর জল কোনদিকে গড়ায় এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications