Winter Session: ঝড়ের সংকেত দিয়ে শুরু শীতকালীন অধিবেশন, পেশের অপেক্ষায় ওয়াকফ থেকে 'এক দেশ , এক ভোট' বিল
Winter Session of Parliament: সোমবার শুরু সংসদের শীতকালীন অধিবেশন। আদানি থেকে মণিপুর, সংসদে একাধিক ইস্যুতে ঝড় তোলার আভাস বিরোধীদের (Opposition Parties)। কেন্দ্রকে চাপে ফেলতে কোমর বেঁধে নামার প্রয়াস বিরোধী দলগুলির। এদিকে পাল্টা হরিয়ানা ও মহারাষ্ট্রের জয়ের পর বাড়তি অক্সিজেন নিয়ে প্রস্তুত শাসকদল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA)।
সোমবার শুরু হয়ে সংসদে শীতকালীন অধিবেশন চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। সংসদে অধিবেশনে মোট ১৬টি বিল পেশের কথা রয়েছে। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ওয়াকফ সংশোধনী বিল (Waqf) ও বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল। তবে বিরোধীরা কার্যত ঝড়ের পূর্বাভাস দিয়েই রেখেছে। আদানি, মণিপুর, ট্রেন দুর্ঘটনা, এমনকি দিল্লির দূষণ নিয়ে আলোচনা দাবি করেছেন বিরোধীরা।

কৌশল ঠিক করতে সোমবার সংসদ ভবনে বৈঠক সারবেন ইন্ডি জোটের (INDI Alliance) সাংসদরা। তার আগে রবিবার সর্বদলীয় বৈঠক করেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কংগ্রেস নেতা গৌরব গগৈ, অনুপ্রিয়া প্যাটেলরা ছিলেন বৈঠকে। ৩০টি রাজনৈতিক দল থেকে মোট ৪২ জন নেতা উপস্থিত ছিলেন সর্বদলীয় বৈঠকে।
এনিয়ে কংগ্রেসের প্রমোদ তিওয়ারি বলেন, "মণিপুর ইস্যু (Manipur Issue) সংসদে আলোচনার জন্য আমরা আবেদন জানিয়েছি। মণিপুরে আইনের শাসন নেই। ধর্ষণ খুন হয়েই চলেছে। দেশজুড়ে বেকারত্ব নিয়েও আলোচনা চলবে। উত্তর ভারতে দূষণের মাত্রা নিয়েও আমরা উদ্বিগ্ন। ক্রমশ খারাপ হচ্ছে দূষণ পরিস্থিতি।"
শীতকালীন অধিবেশনে আরও একটি গুরুত্বপূর্ণ বিল পেশের সম্ভাবনা রয়েছে। তা হল 'ওয়ান নেশন, ওয়ান ইলেকশন' অর্থাৎ 'এক দেশ, এক নির্বাচন' বিল। ইতিমধ্যেই সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বহুদিন ধরেই 'এক দেশ, এক ভোটের' কথা বলে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই বিল সংসদে পাশ করাতে হবে নরেন্দ্র মোদীর সরকারকে।
লোকসভায় পেশ করা হবে ভারতীয় রেলের সংশোধনী বিল ও ব্যাঙ্কিং আইন সংশোধনী বিলও। ব্যাঙ্কিং আইন সংশোধনী বিলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট,ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট ও ব্যাঙ্কিং কোম্পানিজ অ্যাক্ট।
রাজ্যসভায় পেশ করা হতে পারে ভারতীয় বাযুযান অধিনিয়ম বিলও। ৯০ বছর পুরোনো এয়ারক্র্যাফট অ্যাক্ট, ১৯৩৪ সরিয়ে বায়ুযান অধিনিয়ম আনার পক্ষে মোদী সরকার। এই আইনে সামরিক বিমানের নকশা, উৎপাদন, রক্ষণাবেক্ষণ, বিক্রি, আমদানি ও রপ্তানির বিষয়ে নিয়ন্ত্রণের বিধান রয়েছে।












Click it and Unblock the Notifications