রাম মন্দিরে বাধা দিলে সরিয়ে দেব মোদী সরকার, দাবি খোদ বিজেপি নেতার
ভারতীয় জনতা পার্টির বিতর্কিত নেতা সুব্রহ্মণ্যম স্বামী ফের মুখ খুলে উত্তাপ বাড়ালেন।
ভারতীয় জনতা পার্টির বিতর্কিত নেতা সুব্রহ্মণ্যম স্বামী ফের মুখ খুলে উত্তাপ বাড়ালেন। জানালেন রাম মন্দির নিয়ে কেন্দ্র বা উত্তরপ্রদেশ সরকার বিরোধ বাঁধালে সরকারই ফেলে দেওয়া হবে। তিনিই সরকার ফেলে দেবেন।

স্বামীর কথায়, কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকার আশা করি রাম মন্দিরে বাধা দেবে না। যদি দেয় তাহলে আমি সরকার ফেলে দেব। যদিও আমি জানি ওঁরা বাধা দেবে না। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
আরও বলেন, যে মুসলমানদের তিনি চেনেন, তাঁদের রাম মন্দির তৈরিতে কোনও আপত্তি নেই।
স্বামীর কথায়, সুন্নি ওয়াকফ বোর্ড জানিয়েছে, এই স্থান মোঘল সম্রাট বাবর দখল করেন, ফলে জমি তাদের। তবে কখনও বলেনি সেই জমিতে তাঁরা ফের বাবরি মসজিদ তৈরি করবে। এদিকে হিন্দু পার্টি রাম জন্মভূমি ব্যাস ও নির্মোহী আখড়া জানিয়েছে, সেখানে দুটি মন্দির যার ট্রাস্টি তাঁরা। পরে এলাহাবাদ হাইকোর্ট জমি তিনভাগ করে ভাগ করে দেয়।
নিজের দাবির স্বপক্ষে স্বামী বলেন, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াও জানিয়েছে, ওই বিতর্কিত জমিতে মন্দির ছিল।
প্রসঙ্গত, মোঘল সম্রাট বাবর ১৫৭৮ সালে বাবরি মসজিদ তৈরি করেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর করসেবকরা সেই মসজিদ ভেঙে দেয়। তারপর থেকে সেই নিয়ে আদালতে মামলা চলছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে এখনও সমাধান বের হয়নি।












Click it and Unblock the Notifications