আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত! কালীপুজোর আগেই কি আঘাত হানবে সাইক্লোন সিতরাং? আবহাওয়া দফতরের পূর্বাভাস একনজরে
আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত! কালীপুজোর আগেই কি আঘাত হানবে সাইক্লোন সিতরাং? আবহাওয়া দফতরের পূর্বাভাস একনজরে
দীপাবলির আগেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। ২০ অক্টোবর নিম্নচাপ তৈরি, তারপর তা ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়। শেষ পর্যন্ত যদি বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় তৈরি হয়, তার নাম হবে সিতরাং। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় কতটা পড়বে, আদৌ পড়বে কিনা, তা নিয়ে এখনই কোনও পূর্বাভাস দিতে নারাজ। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কালী পুজোয় বাংলার আবহাওয়ার পূর্বাভাস আলাদা করে দেওয়া হবে।

আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্ত তৈরির কথা বলা হচ্ছিল, তা এদিন তৈরি হয়েছে। ২০ অক্টোবর নাগাদ তা একটি নিম্নচাপে পরিণত হবে। এবং ২১ তারিখে তা সুস্পষ্ট নিম্নচাপ এবং ২২ অক্টোবর গিয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এখনও পর্যন্ত এর গতিবিধি সম্পর্কে যতটুকু জানা গিয়েছে, তা প্রাথমিকভাবে উত্তর-পশ্চিম মুখী।

এখনই সুপার সাইক্লোন বলা হচ্ছে না
আলিপুর আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হবে, এটা যেমন ঠিক, তবে এখনই সুপার সাইক্লোন নিয়ে কোনও কথাই বলা হচ্ছে না। কেননা এখনও প্রচুর সময় রয়েছে। এর মধ্যে আবহাওয়ার নতুন আপডেটও পাওয়া যাবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে সাধারণ মানুষের কাছে আইএমডির পূর্বাভাসের ওপরে ভরসা রাখতে অনুরোধ করা হয়েছে। কালীপুজো এবং দিওয়ালির আবহাওয়া নিয়ে স্পেশাল বুলেটিন দেওয়া হবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

বিদেশি আবহাওয়া সংস্থার তরফে পূর্বাভাস
দিন কয়েক আগে বিদেশি আবহাওয়া সংস্থা গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের তরফে জানানো হয়েছিল, ১৮-২৫ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটি সুপার সাইক্লোন তৈরি হতে পারে। তা অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশের উপকূলের মধ্যে যে কোনও জায়গায় আঘাত হানতে পারে বলে জানানো হয়েছিল। ঝড়ের বেগ ঘন্টায় ২২০ থেকে ২৫০ কিমি হতে পারে বলেও জানানো হয়েছিল। তবে এব্যাপারে এখনই বিদেশি আবহাওয়া সংস্থার পূর্বাভাস মানতে রাজি নয় আলিপুর আবহাওয়া দফতর।

আরব সাগরেও ঘূর্ণাবর্ত
দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন কেরল উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও এদিন দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে তামিলনাড়ুস পুদুচেরি, কাড়াইকাল, কেরল, মাহেতে ১৭-২১ অক্টোবরের মধ্যে , সাউথ ইন্টেরিওর কর্নাটকে ১৭-২০-২১ অক্টোবর, উপকূল কর্নাটকের ২০-২১ অক্টোবর এবং লাক্ষাদ্বীপে ১৭ থেকে ২০ অক্টোবরের মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।












Click it and Unblock the Notifications