ত্রিশঙ্কু মধ্যপ্রদেশে কি কিংমেকার হবেন মায়াবতী! উঠে এল কোন সম্ভাবনা
উত্তরপ্রদেশে রাজনীতি করা মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি কি পাশের রাজ্য মধ্যপ্রদেশে কিংমেকার হয়ে উঠতে পারবে?
উত্তরপ্রদেশে রাজনীতি করা মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি কি পাশের রাজ্য মধ্যপ্রদেশে কিংমেকার হয়ে উঠতে পারবে? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সব মহলে। বিশেষ করে মধ্যপ্রদেশে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মতো জায়গায় নেই। কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কয়েকটি আসনে জেতার জায়গায় রয়েছে বিএসপিও।

গতবারের ভোটে ৪টি আসন জিতেছিল বসপা। এবারও সেইপথেই হাঁটতে চলেছে মায়াবতীর দল। ইতিমধ্যে জেতা বিধায়কদের দিল্লিতে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়েছে। আগের বারে বিজেপি ১৬৫টি আসনে জয় পাওয়ায় ছোট দলগুলি কোনও গুরুত্ব পায়নি। তবে এবার ত্রিশঙ্কু অবস্থায় দরাদরির সুযোগ রয়েছে।
এর আগে জোট করার কথা থাকলেও মায়াবতী কংগ্রেসের হাত ধরতে চাননি। উল্টে ছত্তিশগড়ের মতো রাজ্যে কংগ্রেসকে ল্যাং মেরে অজিত যোগীর দলের সঙ্গে জোট করে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছেন মায়াবতী।
আবার এদিকে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় জোটে কংগ্রেসের নেতৃত্বে যে জোট রয়েছে তাতে বহুজন সমাজ পার্টির প্রতিনিধিত্ব রয়েছে। অর্থাৎ মায়াবতী কখনও কংগ্রেসের সঙ্গে রয়েছেন, কখনও আলাদা। ফলে মধ্যপ্রদেশে বিরোধী জোটে কংগ্রেস আহ্বান জানালে মায়াবতী রাজি হবেন না, এমন নয়। আবার তিনি যে কংগ্রেসপ্রেমী তা বলা যায় না। সেক্ষেত্রে তিনি কী দরাদরি করেন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications