লোকসভা ভোটের আগেই কি ভাঙবে সরকার! প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে চাঞ্চল্য
রাজ্যের মানুষের আশীর্বাদে তিনি আবার মুখ্যমন্ত্রীর আসনে বসবেন। এমনটাই মন্তব্য করেছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া।
রাজ্যের মানুষের আশীর্বাদে তিনি আবার মুখ্যমন্ত্রীর আসনে বসবেন। এমনটাই মন্তব্য করেছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। হাসানের বন্যা পরিদর্শনে গিয়ে সিদ্ধারামাইয়া দাবি করেছেন, বিরোধীদের ষড়যন্ত্রের কারণেই তিনি দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসতে পারেননি। রাজনীতিতে অর্থ আর জাতিবাদের প্রাবল্য বাড়ছে বলেও মন্তব্য করেছেন প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী।

বিজেপি কর্ণাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করার পরেও, শক্তির নিরিখে রাজ্যে ক্ষমতায় বসে কংগ্রেস-জনতাদল(সেকুলার) সরকার। কুমারস্বামী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন।
এদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরে শোরগোল পড়ে গিয়েছে কর্ণাটকের রাজনীতিতে। রাজ্যের অর্থমন্ত্রী আরভি দেশপান্ডে বলেছেন, সিদ্ধারামাইয়ার মন্তব্য মানে এই নয় যে, কুমারমস্বামী সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছেন সিদ্ধারামাইয়া। সিদ্ধারামাইয়াকে তিনি গত ৩০ বছর ধরে চেনেন এবং তিনি পিছনের দরজার রাজনীতি পছন্দ করেন না বলেও মন্তব্য করেছেন।

রাজ্যের অর্থমন্ত্রী বলেছেন, তারা মনে করেছিলেন সিদ্ধারামাইয়াই ফের মুখ্যমন্ত্রীর আসনে বসবেন। কিন্তু তাদের দল নির্বাচনে হেরে যায়। তবে সিদ্ধারামাইয়ার বক্তব্যে তিনি ভুল কিছু দেখছেন না বলে মন্তব্য করেছেন আরভি দেশপান্ডে। একইসঙ্গে তিনি উপমুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতাও করেছেন। সম্প্রতি উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর অভিযোগ করেছিলেন কেন্দ্র কোডাগুর বন্যায় রাজ্যকে সাহায্য করছে না। কেন্দ্রের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। কেননা ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী বন্যার্তদের উদ্ধারের সেনা জওয়ানদের পাঠানোর বন্দোবস্ত করেছেন।












Click it and Unblock the Notifications