সিবিআই 'জুজু' নিয়ে মমতাকে খোঁচা মোদীর, কেন ভয়! প্রশ্ন দিদিকে
মোদী বলেন, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড় রাজ্যে সিবিআই প্রবেশ বন্ধ করে দিয়েছে। তাঁরা সিবিআই চায় না।
এনডিএ থেকে বেরিয়ে গিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইড়ু। বিরোধী মহাজোট গড়ারও অন্যতম নায়ক তিনি। রাজ্যে সিবিআইয়ের নাক গলানো বন্ধ করে দিয়েছেন তিনি। তাঁর দেখাদেখি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যে সিবিআই প্রবেশ বন্ধ করেছেন।

মমতা-চন্দ্রবাবুকে আক্রমণ
এই প্রসঙ্গ তুলে এদিন রামলীলা ময়দানে বিজেপির কর্মীসভায় জোর আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরপর আক্রমণ করলেন চন্দ্রবাবু ও মমতাকে।

কেন এত ভয়!
মোদী বলেন, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড় রাজ্যে সিবিআই প্রবেশ বন্ধ করে দিয়েছে। তাঁরা সিবিআই চায় না। ভবিষ্যতে সেনা, পুলিশ, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, ক্যাগ-কেও ঢোকা বন্ধ করে দেবে। ভাবটা এমন, ওঁরাই ঠিক, বাকীরা ভুল। এমনকী কী করেছেন ওঁরা যে ভয় পাচ্ছেন? তির্যক প্রশ্ন ছুঁড়েছেন মোদী।

তিনি ভয় পাননি
প্রধানমন্ত্রী বলেন, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে জেরা করে সিবিআই। সব ধরনের চেষ্টা করা হয়েছিল জেলে ঢোকানোর। কংগ্রেস নেতারা হুমকি দিয়ে জেলের কামরাও সাফ করে রাখার ঘোষণা করেছিলেন। তবে পারেনি। তাই বলে তিনি রাজ্যে সিবিআই প্রবেশ বন্ধ করেননি। কারণ তিনি জানতেন কোনও অন্যায় করেননি।

কী নির্দেশ জারি
প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশে এন চন্দ্রবাবু নাইড়ুর তেলুগু দেশম পার্টি সরকার নভেম্বরে নোটিশ জারি করে বলে, সেরাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কোনও তল্লাশি অভিযান চালাতে পারবে না। রাজ্যে ঢুকতে গেলে সরকারের অনুমতি নিতে হবে। অন্ধ্র সরকার যে বিজ্ঞপ্তি জারি করে তাতে বলা হয়, সিবিআইয়ের কাজ রাজ্যের দুর্নীতি দমন শাখা দেখবে। নতুন নির্দেশ অনুযায়ী, রাজ্যে অবস্থিত কেন্দ্রীয় যেকোনও প্রতিষ্ঠানে সন্দেহ মনে হলে তল্লাশি চালাতে পারবে রাজ্যের দুর্নীতিদমন শাখা। এই একইভাবে বাংলা সিবিআই প্রবেশ নিষিদ্ধ করে দেন মমতাও।












Click it and Unblock the Notifications