রাহুল গান্ধীকে জনসভার অনুমতি নয় কেন, ভোট কমিশনের প্রশ্নে পাল্টা ব্যাখ্যা কলকাতা পুরসভার

আগামীকাল অর্থাৎ ৮ মে পার্ক সার্কাস ময়দানে একটি জনসভা করার কথা ছিল কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর। প্রস্তুতি চলছিল জোর কদমে। কিন্তু শেষ পর্যন্ত অনুমতি দিতে অস্বীকার করে কলকাতা পুরসভা। নিরাপত্তার অজুহাত দেওয়া হয়। প্রদেশ কংগ্রেস বলেছিল, রাহুল গান্ধীর নিরাপত্তার বিষয়টি দেখার দায়িত্ব কলকাতা পুরসভার নয়। পুলিশ এবং এসপিজি কমান্ডোদের। এর পরই নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়।
এদিকে, আজ, বুধবার কাঁকুড়গাছির এপিসি পার্কে বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে। তার অনুমতি দিয়েছে কলকাতা পুরসভাই। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, "আমরা তো বলেছি, তৃণমূল কংগ্রেস আর বিজেপি-র গোপন আঁতাঁত রয়েছে। ওরা যতই পরস্পরকে গালাগালি করুক না কেন, ঠিক সময়ে দেখবেন গলায় গলায় হয়ে যাবে। হাওড়ায় উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রত্যাহার করার সময়ই এটা বোঝা গিয়েছিল। সেই কারণে নরেন্দ্র মোদীকে কলকাতায় জনসভা করতে দিতে আপত্তি নেই, অথচ রাহুল গান্ধীকে অনুমতি দেওয়া হচ্ছে না।"
এদিকে, নির্বাচন কমিশের চিঠির উত্তরে কলকাতা পুরসভা জানিয়েছে, ২৫ মার্চ পার্ক সার্কাস ময়দানেই রাহুল গান্ধীকে জনসভা করতে অনুমতি দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের পরামর্শ মেনেই তা দেওয়া হয়নি। কারণ ওই ময়দানের চারপাশে স্কুল, কলেজ ও হাসপাতাল রয়েছে। ফলে নির্বাচন কমিশনই বলেছিল, কোনও রাজনীতিক দলকে যেন অনুমতি না দেওয়া হয়। এই চিঠির পর প্রশ্ন উঠেছে, তা হলে আগে নিরাপত্তার অজুহাত কেন দেখাল পুরসভা?
প্রসঙ্গত, আগামীকাল শহীদ মিনার ময়দানে জনসভা করবেন রাহুল গান্ধী। পার্ক সার্কাস ময়দানের পরিবর্তে এখানে সভাস্থল ঠিক করেছে প্রদেশ কংগ্রেস।












Click it and Unblock the Notifications