এবার অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে নাম জড়াল রবার্ট ভডরার, রাহুল চুপ কেন প্রশ্ন বিরোধীদের
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভডরার এবার অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারির সঙ্গে নাম জড়াল।
ফের বিতর্কে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভডরা। এবার অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারির সঙ্গে নাম জড়াল তাঁর। সেই প্রসঙ্গ বিরোধীরা আক্রমণ শানিয়েছেন কংগ্রেসকে লক্ষ্য করে। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির প্রশ্ন, এই প্রসঙ্গে রাহুল গান্ধী কেন নীরব রয়েছেন?

একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধী। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ছেলে জয় শাহের সংস্থার লাভ-ক্ষতির পরিসংখ্যান নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন রাহুল। সেই প্রসঙ্গেরই পাল্টা রাহুলকে আক্রমণ করেছেন রূপানি।
রূপানি বলেছেন, কংগ্রেসের সভাপতি হতে চলেছেন রাহুল গান্ধী। তাঁর আত্মীয় রবার্ট ভডরার সঙ্গে যোগাযোগ রয়েছে অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারির। সঞ্জয়ের থেকে সুবিধা নিয়েছেন রবার্ট। এই প্রসঙ্গে রাহুল কী বলবেন?
গুজরাতে খুব শীঘ্রই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে বিজেপি-কংগ্রেস দুটি দলই যে একে অপরের বিরুদ্ধে কোমর বেঁধে নামতে চলেছে তা স্পষ্ট। দুর্নীতি যে অভিযোগের বড় হাতিয়ার হতে চলেছে সেটাও স্পষ্ট। তারই নমুনা দেখাতে শুরু করে দিয়েছে দুই দলই।
অভিযোগ উঠছে, সঞ্জয় ভান্ডারি রবার্টের বিমানের টিকিট কেটে দিয়েছেন। লন্ডনে রবার্টের নামে থাকা একটি বাড়ি সাজিয়ে দিয়েছেন। পাশাপাশি দুজনের মধ্যে আর্থিক লেনদেনও হয়েছে। একজন অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে সোনিয়া গান্ধীর জামাইয়ের এত ঘনিষ্ঠতা কেন, প্রশ্ন তুলছে বিরোধীরা।












Click it and Unblock the Notifications