করোনায় মৃত্যু ভয়ে দেড় বছরের বেশি সময় ঘরবন্দি গোটা পরিবার, ভয়নক অসুস্থতা নিয়ে উদ্ধার ৩
করোনায় মৃত্যু ভয়ে দেড় বছরের বেশি সময় ঘরবন্দি গোটা পরিবার, ভয়নক অসুস্থতা নিয়ে উদ্ধার ৩
বর্তমানে গোটা দেশে করোনার প্রকোপ বেশ খানিকটা কমতে না কমতেই লাগামহীন ভাবে করোনা বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে একাধিক রাজ্যে। এমনকী শিকেয় উঠেছে কোভিড বিধিও। সাধারণ মানুষের এই করোনা ক্লান্তিই যে অচিরে তৃতীয় ঢেউয়ের আগমণ ঘটাতে পারে সেই বিষয়ে বারবার সতর্ক করছে প্রশাসন। কিন্তু এমতাবস্থায় উল্টোপুরান চোখে পড়ল অন্ধ্রপ্রদেশে।

সূত্রের খবর, করোনায় মৃত্যুর ভয়েই প্রায় ১৫ মাস ধরে স্বেচ্ছায় নিজেদের ঘরবন্দি করে রেখেছিলেন অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার কাদালি গ্রামের তিন মহিলা। সোমবার স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ ওই তিন মহিলাকে তাঁদের ঘর থেকে উদ্ধার করেছে বলে জানা যাচ্ছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের ইতিমধ্যেই হাসপাতালেও পাঠানো হয়েছে। এদিকে হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘ সময় ঘরবন্দি থাকায় একাধিক শারীরিক জটিলতা দেখা গিয়েছে তিনজনের শরীরেই।
হাসপাতাল সুপার প্রভাকর রাও জানিয়েছেন, ওই মহিলাদের শরীরে ভিটামিন ডি এবং বি কমপ্লেক্সের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। হিমোগ্লোবিনের মাত্রাও অত্যাধিক পরিমাণে নেমে গিয়েছে। মানসিক ভাবে অসুস্থও হয়ে পড়ার পাশাপাশি অপুষ্টিরও শিকার সকলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই মেয়ে, এক ছেলে এবং স্ত্রীকে নিয়ে কাদালি গ্রামে দীর্ঘ দিন ধরেই বাস করছেন বছর পঞ্চাশের জন বেনি।
স্থানীয় সূত্রে খবর, গত বছর মার্চে করোনার শুরুতে সংক্রমণের জেরে পাশের বাড়ির এক মহিলার মৃত্যুর পর করোনা ভীতি ঢুকে যায় ওই পরিবারের সকলের মনে। তারপর থেকেই বেনির স্ত্রী এবং দুই মেয়ে নিজেদের ঘরবন্দি করে ফেলেন। শুধুমাত্র মাঝে মাঝে ঘর থেকে বেরোতেন বেনি এবং তাঁর ছেলে। কিছুদিন আগে সরকারের একটি গৃহায়ন প্রকল্পের কাজে গ্রামের এক স্বেচ্ছাসেবক ওই বাড়ির সদস্যদের হাতের ছাপ নিতে গেলে বিষয়টি টের পান।তারপরই তা জানাজানি হয়ে যায়।












Click it and Unblock the Notifications