Maharashtra CM: মঙ্গলেই ফুরোচ্ছে বিধানসভার মেয়াদ, কে হবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী? শিন্ডের পোস্টে জল্পনা
Maharashtra Next CM: মহারাষ্ট্র বিধানসভার কার্যকালের মেয়াদ ফুরোচ্ছে মঙ্গলবার। অথচ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছল না মহাজুটি (Mahayuti)। শিন্ডে নাকি ফড়নবীশ, মহাজুটির মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জিইয়ে রইল জল্পনা।
সূত্রের খবর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে আজই ইস্তফা দিতে পারেন একনাথ শিন্ডে (Eknath Shinde)। সোমবার গভীর রাতে এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট শিন্ডের। মহাজুটি আগের মতোই শক্তিশালী রয়েছে বলে লিখলেন শিন্ডে। একইসঙ্গে তাঁর সমর্থনে জড়ো হতে অনুগামীদের নিষেধও করলেন একনাথ শিন্ডে।

শিন্ডে লেখেন, "আমি আপনাদের ভালোবাসা পেয়ে আপ্লুত। কিন্তু অনুগামীদের কাছে আমার আবেদন, বর্ষা নিবাস হোক বা অন্যত্র, কোথাও যেন শিবসেনা সমর্থকরা আমার হয়ে সমর্থনে প্রচার বা জমায়েত না করেন। মহারাষ্ট্রের উন্নতির জন্য দাপটের সঙ্গে কাজ চালিয়ে যাবে মহাজোট।"
প্রসঙ্গত, সোমবারই মহারাষ্ট্রের থানেতে মন্দিরে মন্দিরে প্রার্থনা সভার আয়োজন করে শিন্ডে অনুগামী শিবসেনার (Shiv Sena) কর্মীরা। একনাথ শিন্ডেকেই দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে দেখতে চেয়ে এই আয়োজন তাঁদের। মুম্বইয়ের প্রসিদ্ধ সিদ্ধি বিনায়ক মন্দিরেও হয় শিন্ডের নামে পুজো। লড়কি বেহেন যোজনা-সহ শিন্ডের জনসংযোগের কারণেই এই জয় বলে দাবি সেখানের মহিলাদের।
থানে জেলা বরাবরই একনাথ শিন্ডেদের গড় হয়ে থেকেছে। সেখানের কোপরি-পাচপাখাড়ি আসন থেকে প্রায় ১.২ লক্ষেরও বেশি ভোটে জিতেছেন শিন্ডে। বিহারের মতোই মহারাষ্ট্রেও জনসমর্থন বিচার করে মুখ্যমন্ত্রী বাছাই হবে বলে আশাবাদী লোকসভার সাংসদ নরেশ মস্কে। পূর্বতন পদ বিচার করে পদ না দেওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি।
মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশকে (Devendra Fadnavis) বিজেপি তো বটেই, জোট শরিক অজিত পাওয়ারের এনসিপিও সমর্থন জানিয়েছে বলে সূত্রের খবর। এদিকে অপর শরিক তথা মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হয়ে সমর্থনে ঝাঁপিয়েছে শিবসেনা। মঙ্গলবার বিধানসভার মেয়াদ ফুরোলেও তাই মুখ্যমন্ত্রী কে হবেন, সেই জল্পনা থেকেই গেল।












Click it and Unblock the Notifications