হরিয়ানায় জিতলে মুখ্যমন্ত্রী কে? বিজেপির অন্দরে দ্বন্দ্ব চলছে চেয়ার নিয়ে?
হরিয়ানার বিধানসভা ভোট সামনেই৷ তাই নিয়ে রাজনৈতিক চর্চাও কম হচ্ছে না। বিজেপির অন্দরে দ্বন্দ্ব চলছে? বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী কে হবেন? তাই নিয়ে চর্চা চলছে গেরুয়া শিবিরে?
বিজেপি জিতলে নয়াব সিং সাইনি হরিয়ানার মুখ্যমন্ত্রী হবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই কথা ঘোষণা করেছেন। আর এখানেই গোল বেঁধেছে। রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ বলেছিলেন, তিনি মুখ্যমন্ত্রী পদ দাবি করতে পারেন। পরিস্থিতি ঠান্ডা করতে আসরে নামতে হয় কেন্দ্রীয় নেতা ধর্মেন্দ্র প্রধানকেও। রাজ্যে এসে নেতৃত্বদের সঙ্গে কথাও বলেন তিনি।

এর মধ্যে আরও জট পেকেছে কেন্দ্রীয় মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিংয়ের কথাও। তিনি দাবি করেছেন, বিজেপি টানা তৃতীয় মেয়াদে জয়ী হলে তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন। তবে ধর্মেন্দ্র প্রধান পরিষ্কার দাবি করেছেন, বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী নয়াব সিং সাইনি। সেক্ষেত্রে অনিল ভিজের কথাও যথেষ্ট জোরালো। এমন মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷
অনিল ভিজ বলেছেন, ছটি নির্বাচনে তিনি জিতেছেন। রাজ্যে তিনি বিজেপির সবচেয়ে সিনিয়র বিধায়ক। সপ্তম বারেও তিনি জিতবেন। তিনি আরও বলেন, তাঁর প্রতি জনগণের সমর্থন রয়েছে। ভিজের কথায়, "আমি এখন পর্যন্ত আমার দলের কাছে কিছু চাইনি। তবে হরিয়ানা জুড়ে এবং বিশেষ করে আমার নিজের নির্বাচনী এলাকার লোকেরা আমার সঙ্গে দেখা করেছে। আমি মুখ্যমন্ত্রীর পদের জন্য আমার দাবি রাখব।" তবে দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এই কথাও তিনি বলেছেন।
এদিকে ইন্দ্রজিৎ সিং বলেছেন, "আমি জানি যে নয়াব সিং সাইনির নাম অমিত শাহ ঘোষণা করেছেন। দলের শীর্ষ নেতৃত্ব যে সিদ্ধান্তই নেবেন আমরা তাতে অটল। তবুও জনগণ আমাকে মুখ্যমন্ত্রী চায়। এটা শুধু আমার ব্যক্তিগত ইচ্ছা নয়, জনগণের দাবি। " তিনি দক্ষিণ কর্ণাটকের বাসিন্দা। বিতর্ক উসকে তিনি বলেছেন, " দক্ষিণ হরিয়ানা যদি গত দুটি নির্বাচনে বিজেপিকে সমর্থন না করত। মনোহর লাল খাট্টার দুবার মুখ্যমন্ত্রী হতে পারতেন না। "
এই অবস্থায় হরিয়ানায় নেতাদের বক্তব্য আরও অস্বস্তি বাড়াচ্ছে পদ্মশিবিরে। অসন্তোষ কী করে শান্ত করা যায়? এটাই বিজেপির কাছে এখন চ্যালেঞ্জ। ক্যাবিনেট মন্ত্রী চৌধুরী রঞ্জিত সিং চৌতালা, প্রাক্তন মন্ত্রী কর্ণদেব কাম্বোজ সহ দলের বেশ কয়েক জন সিনিয়র সদস্য পদত্যাগ করেছেন।
আগামী ৫ অক্টোবর হরিয়ানায় নির্বাচন৷ ৮ তারিখ ফলাফল প্রকাশ। নির্বাচনী প্রচার চলছে রাজ্যে। পদ্মের কাঁটা কতটা এড়ানো সম্ভব? সেই দিকেই নজর ওয়াকিবহাল মহলের।












Click it and Unblock the Notifications