প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছেন, কে এই অজয় রাই?
প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে জল্পনার মধ্যেই বারানসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সেই অজয় রাইকেই প্রার্থী করেছে কংগ্রেস।
প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে জল্পনার মধ্যেই বারানসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সেই অজয় রাইকেই প্রার্থী করেছে কংগ্রেস। এই সিদ্ধান্ত ঠিক না ভুল তা বোঝা যাবে ২৩ মে, ভোটের ফল ঘোষণার পর। তার আগে এক ঝলকে দেখে নেওয়া যাক অজয় রাইয়ের রাজনৈতিক কেরিয়ার।

এই প্রথম নয়
২০১৪ সালে লোকসভা নির্বাচনে বারানসী কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটে লড়েছিলেন এই অজয় রাই। সেবার মাত্র ৭৫ হাজারের কিছু বেশি ভোট তাঁর ভাগ্যে জুটেছিল। মোদী পেয়েছিলেন ৫ লক্ষ ৮০ হাজারের বেশি ভোট। এই কেন্দ্রে দ্বিতীয় হয়েছিলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। পেয়েছিলেন ২ লক্ষ ৯ হাজারের কিছু বেশি ভোট।

শুরুর অধ্যায়
মাত্র এটুকু দিয়েই বারানসীর কংগ্রেস প্রার্থী অজয় রাইকে বিচার করলে চলবে না। উত্তরপ্রদেশের পাঁচ বারের বিধায়ক এই ব্যক্তিত্বের রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল বিজেপির ছাত্র সংগঠনের হয়ে। ১৯৯৬ সালে কোলাসলা কেন্দ্রে বিজেপির হয়ে প্রথমবার ভোটে জিতে বিধায়ক হন অজয় রাই।

বিজেপি ত্যাগ
প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও ২০০৯-র ভোটে বারানসী লোকসভা কেন্দ্রে বিজেপি তাঁর বদলে মুরলী মনোহর যোশীকে প্রার্থী করলে দল ছাড়েন অজয় রাই। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে সেই বছরই সমাজবাদী পার্টিতে তিনি যোগ দেন। ওই কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে হেরেও যান। এরপর কোলাসলা কেন্দ্রের উপনির্বাচনে নির্দলের হয়ে ভোটে লড়ে জেতেন অজয় রাই। ২০১০ সালে এক হোটেল মালিককে নিগ্রহ এবং তাঁর সর্বস্ব লুঠে অভিযুক্তের গ্রেফতারির প্রতিবাদে সদলবলে ধর্নায় বসে শিরোনামে এসেছিলেন। সেই সময় অজয় রাই ও তাঁর সঙ্গীদের গ্রেফতার করা হয়েছিল।

কংগ্রেসে যোগ
২০১২ সালে কংগ্রেসের টিকিটে উত্তপ্রদেশের পিন্দ্রা কেন্দ্র থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন অজয় রাই। সেই সময় তাঁর বিরুদ্ধে ১৬টি ফৌজদারি মামলা দায়ের হয়েছিল। যদিও তার মধ্যে বেশিরভাগ মামলার নিষ্পত্তি হয়ে গেছে বলে দাবি করেছিলেন অজয় রাই।
২০১৫ সালে গঙ্গায় মূর্তি বিসর্জন বন্ধ হওয়া নিয়ে বারানসীতে সংঘর্ষে ইন্ধন দেওয়ার অভিযোগে অজয় রাইকে গ্রেফতার করেছিল পুলিশ।












Click it and Unblock the Notifications