শেষ কথা ট্রাম্পই! 'বোর্ড অফ পিস'-এ যোগ দিলে কী কী করতে হবে ভারতকে? কত কোটি ডলার লাগবে জানেন?
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নতুন আন্তর্জাতিক মঞ্চ 'বোর্ড অফ পিস'-এ যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে নয়াদিল্লিতে সেই আমন্ত্রণপত্র পৌঁছালেও, ভারত সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ভারত এই প্রস্তাবে সায় দেবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

সূত্র অনুসারে জানা যাচ্ছে যে, এই আমন্ত্রণ গ্রহণ করলেই প্রথমে তিন বছরের জন্য 'বোর্ড অফ পিস'-এর সদস্যপদ মিলবে। তবে সেটি স্থায়ী নয়। স্থায়ী সদস্য হওয়ার জন্য প্রায় ১০০ কোটি ডলার, অর্থাৎ ভারতীয় তাকে প্রায় ন'হাজার কোটি টাকা অনুদান দিতে হবে। হোয়াইট হাউসের বক্তব্য অনুসারে, শুধুমাত্র শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের প্রতি দায়বদ্ধ দেশগুলিকেই স্থায়ী সদস্যপদ দেওয়া হবে।
এই আন্তর্জাতিক গোষ্ঠীর নেতৃত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। সমস্ত সিদ্ধান্তের মূল নিয়ন্ত্রণ থাকবে তাঁর হাতেই। যদিও মনে করা হচ্ছে যে, আমেরিকার ক্ষেত্রে সদস্যপদের নিয়ম আলাদা হতে পারে। শুরু থেকেই যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীর স্থায়ী সদস্য থাকবে।
প্রাথমিক ভাবে প্রায় ৬০টি দেশকে এই মঞ্চে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। সেই তালিকায় ভারত ছাড়াও পাকিস্তান, তুরস্ক, গ্রিস, অস্ট্রেলিয়া, ব্রিটেন, জার্মানি, কানাডা, ইটালি, ফ্রান্স, হাঙ্গেরি, মিশর ভিয়েতনাম-সহ একাধিক ইউরোপীয় এবং পশ্চিম এশিয়ার দেশ রয়েছে। জানা যাচ্ছে যে, ভিয়েতনাম ও হাঙ্গেরি ইতিমধ্যেই এই আমন্ত্রণ গ্রহণ করেছে।
বিশ্বে শান্তি প্রতিষ্ঠাই 'বোর্ড অফ পিস'-এর মূল লক্ষ্য। হোয়াইট হাউস সূত্রে খবর যে, এই গোষ্ঠী প্রথমে গাজা সংকট সমাধানের দিকে নজর দেবে। তারপরে অন্য আন্তর্জাতিক বিরোধগুলিও আলোচনায় আসবে। তবে অনেকের মতে আবার, রাষ্ট্রপুঞ্জের মতো সংস্থার উপস্থিতিতে নতুন করে এই ধরনের মঞ্চ গঠনের প্রয়োজনীয়তা নিয়েও উঠছে প্রশ্ন।
ট্রাম্পের প্রস্তাবে ভারত কী সিদ্ধান্ত নেয় এবং স্থায়ী সদস্যপদ নেওয়ার বিষয়ে আগ্রহ দেখায় কি না, আন্তর্জাতিক মহলের নজর এখন সেদিকেই।












Click it and Unblock the Notifications