করোনা ভাইরাসের হানা ও লকডাউন, কী হাল হতে চলেছে ভারতের অর্থনীতির?
দেশে গত ৩০ দিন ধরে চলছে লকডাউন। তবে সেই সময়কালে ক্রমেই দেশে আরও বিস্তার ঘটেছে করোনা সংক্রমণের। ১৪ এপ্রিল লকডাউন শেষ হওয়ার কথা থাকলেও সেদিন প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করে লকডাউনের মেয়াদ বাড়ান আগামী ৩ মে পর্যন্ত। এই পরিস্থিতিতে সম্পূর্ণ ভাবে লকডাউন মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী সবাইকে বাড়িতেই থাতে বলেন।

দেশের অর্থনীতি গিয়ে ঠেকেছে তলানিতে
এই অবস্থায় দেশের অর্থনীতি গিয়ে ঠেকেছে তলানিতে। ইতিমধ্যেই মনে করা হচ্ছে যে এই লকডাউনের জেরে দেশের ক্ষতি হবে প্রায় ৯ লাখ কোটি টাকা। বিশ্বের পাশাপাশি দেশের অর্থনৈতিক ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। এর জেরে বহু লোকের কাজ হারানোর সম্ভাবনা। এর ফলে বাজারে চাহিদা কমবে। এই পরিস্থিতিতে ভারতের কী অবস্থা হবে?

কী বলছে ফিচ-এর রেটিং
এই বিষয়ে বৃহস্পতিবারই ভবিষ্যৎবাণী করেছে ফিচ রেটিং। তাদের মতে, ২০২০-২১ সালে ভারতের অর্থনীতির বিকাশ হবে মাত্র ০.০৮ শতাংশ হারে। তবে তারা জানায়, ২০২১-২২ এর আর্থিক বছরে বিকাশের হার ফের বাড়বে। তখন ভারতের অর্থনীতি ৬.৭ শতাংশ হারে বিকশিত হবে বলে ফিচ রেটিং-এর ধারণা। এর আগের আর্থিক বছরে ভারতের জিডিপির বৃদ্ধির হার ছিল ৪.৯ শতাংশ।

নেগেটিভে চলে যাবে অর্থনৈতির প্রবৃদ্ধি
আশঙ্কা করা হচ্ছে এপ্রিল থেকে জুন মাসের ত্রৈমাসিকে বিকাশ হবে মাইনাস ০.০২ শতাংশ। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে বিকাশ হবে মাইনাস ০.০১ শতাংশ। যদিও কয়েকদিন আগে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছিলেন, ভারতের জিডিপি ১.৯ শতাংশ হারে বৃদ্ধি পাবে। এবং ২০২১ সালে ভারতের জিডিপি ৭.৪ শতাংশ হারে বৃদ্ধি পাবে।

এর আগে কী জানিয়েছিল মুডিজ?
এর আগে মার্কিন ক্রেডিট রেটিং সংসস্থা মুডিজ জানিয়েছিল যে চলতি আর্থিকবর্ষে ২.৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে ভারতের জিডিপি। তবে সম্প্রতি ফিচ-এর এই পূর্বাভাস সেই হার থেকে অনেকটাই কমিয়ে দিয়েছে ভারতের প্রবৃদ্ধির হার।












Click it and Unblock the Notifications