Devendra Fadnavis: স্বপ্নপূরণের লক্ষ্যে ফড়নবীশ! মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলে কত পারিশ্রমিক পাবেন দেবেন্দ্র?
Devendra Fadnavis: ২৮৮ বিধানসভা আসনের মহারাষ্ট্রে ম্যাজিক ফিগার ১৪৫ পার করে ফেলেছে মহাজুটি। বিজেপি একাই এগিয়ে ১০৫টি আসনে। এমতাবস্থায় দেবেন্দ্র ফড়নাবীশের (Devendra Fadnavis) মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল। ফড়নবীশকেই মুখ্যমন্ত্রীর আসন একনাথ শিন্ডে ছেড়ে দেবেন বলে মত রাজনৈতিক মহলের। মুখ্যমন্ত্রী হলে কত বেতন পাবেন ফড়নবীশ?
ভোটের আগে মনোনয়নে হলফনামায় প্রায় ১৩ কোটি ২৭ লক্ষের সম্পত্তি উল্লেখ করেছিলেন বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। ২০২৩-২০২৪ অর্থবর্ষে ৭৯ লক্ষ ৩০ হাজার ৪০২ টাকা আয় হিসেবে দেখিয়েছেন ফড়নবীশ। গত অর্থবর্ষে যা ছিল ৯২ লক্ষ ৪৮ হাজার ৯৪ টাকা।

৫৬ লক্ষ ৭ হাজার ৮৬৭ টাকার অস্থাবর (Movable asset) সম্পত্তি রয়েছে বলে জানিয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ। স্ত্রী আমরুতা ফড়নবীশের নামে ৬ কোটি ৯৬ লক্ষ ৯২ হাজার ৭৪৮ টাকা ও কন্যার নামে ১০ লক্ষ ২২ হাজার ১১৩ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। এছাড়াও নগদ, ব্যাঙ্কে মেয়াদি আমানত ও আর্থিক প্রতিষ্ঠানগুলিতে সঞ্চয়ের পরিমাণও হলফনামায় উল্লেখ করেছেন বিজেপি নেতা।
শেয়ার বাজারে তাঁর নিজের কোনও বিনিয়োগ (Investment) না থাকলেও স্ত্রী আমরুতার (Amruta Fadnavis) বিনিয়োগ রয়েছে বলে জানিয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ। স্থাবর সম্পত্তির মধ্যে ৪৫০ গ্রাম সোনার গয়না (Gold) রয়েছে দেবেন্দ্রর নামে।
অন্যদিকে, তাঁর স্ত্রীয়ের নামে রয়েছে ৯০০ গ্রাম সোনা। এছাড়াও নাগপুরের বাড়ি, চন্দ্রপুরের চাষজমি-সহ অন্যান্য নির্মাণ মিলিয়ে ৪ কোটি ৬৮ লক্ষ ৯৬ হাজার টাকার স্থাবর সম্পত্তি রয়েছে দেবেন্দ্রর। স্ত্রীয়ের রয়েছে ৯৫ লক্ষ ২৯ হাজারের স্থাবর সম্পত্তি।
কোনও ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণের বোঝা নেই ফড়নবীশের। স্ত্রীয়ের থেকে ৬২ লক্ষ টাকা ঋণ নিয়েছেন তিনি। তাঁর ও তাঁর স্ত্রীয়ের নামে নেই কোনও গাড়িও। তবে ৪টি মামলায় নাম জড়িয়ে রয়েছে দেবেন্দ্র ফড়নবীশের। ২০২২ সালে একনাথ শিন্ডেকে কুর্সি ছেড়ে দিয়েছিলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ।
দলের স্বার্থে কার্যত আপোস করতে হয়েছিল তাঁকে। মানভঞ্জনে দেবেন্দ্রকে দেওয়া হয়েছিল উপমুখ্যমন্ত্রীর পদ। তবে এবারে সুযোগ ছাড়তে বিজেপি নারাজ বলেই সূত্রের খবর। সাধারণত রাজ্যের মুখ্যমন্ত্রীদের মাসে ২ লক্ষ টাকা করে বেতন দেওয়া হয়।
তবে অন্যান্য সুবিধা মিলিয়ে ১২ লক্ষ টাকা পর্যন্তও আয় করে থাকেন মুখ্যমন্ত্রীরা। সূত্রের খবর, এবারে মুখ্যমন্ত্রী হলে ৩ লক্ষ ৪০ হাজার টাকা বেতন পেতে পারেন ফড়নবীশ। সঙ্গে বাড়তি সুযোগসুবিধা বাবদ ১ লক্ষ ৬০ হাজার টাকা পাবেন তিনি।












Click it and Unblock the Notifications