মৃত্যুর ঠিক আগে ঠিক কী বলেছিলেন উন্নাওয়ে ধর্ষণে শিকার তরুণী?
শুক্রবার রাতে মারা যান উন্নাও ধর্ষণকাণ্ডের নির্যাতিতা তরুণী। তরুণীর মৃত্যুর পরেই ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হন মৃতার পরিবার। তাঁর বাবা হায়দরাবাদ ধাঁচে অপরাধীদের মারার কথা বলেন। বোন প্রশাসনের উপর ক্ষোভ উগড়ে দেন। ন্যায়বিচার চান তাঁর ভাইও। প্রসঙ্গত, মৃত্যুর কিছুক্ষণ আগেও তাঁর সঙ্গে ছিলেন তাঁর ভাই।

'তাদের ফাঁসিতে ঝুলতে দেখতে চাই'
তরুণীর মৃত্যুতে ভেঙে পড়া ভাইকে আজ সাংবাদিকরা প্রশান করলে তাঁর ভাই বলেন, 'গতকাল আমার কাছে ও কাছে বাঁচার আকুতি করেছিল। বলছিল, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না, যারা আমার সঙ্গে এমন করল, তাদের ফাঁসিতে ঝুলতে দেখতে চাই।' এরপর তিনি বলেন, 'আমার বোন আর আমাদের মাঝে নেই। আমি চাই পাঁচ দোষীকে দ্রুত ফাঁসিতে ঝোলানো হেক।'

শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়
৯০ শতাংশ পুড়ে যাওয়া অবস্থায় লখনউয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছিল তরুণীকে। এরপর শ্যামাপ্রসাদ মুখার্জি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি অবনতী হতে এয়ারলিফ্ট করে নিয়ে আসা হয় দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে। সেখানেই গত রাতে মারা গেলেন উন্নাও ধর্ষণকাণ্ডের নির্যাতিতা তরুণী। সন্ধে থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। রাত ১১টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হন তিনি। বাঁচানোর চেষ্টা সত্ত্বেও রাত ১১টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

'এদেরকে দৌড় করিয়ে গুলি করা হোক'
এদিকে হায়দরাবাদের মত অভিযুক্তদের এনকাউন্টার চাইলেন তিনি। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'এদেরকে দৌড় করিয়ে গুলি করা হোক বা দ্রুত ফাঁসিতে চড়ানো হোক।' এরপর প্রশাসনের উপর ক্ষোভ উগড়ে দিয়ে তিনি অভিযোগ করেন, 'প্রশাসন আমাকেকে আমার মেয়ের মৃত্যুর খবর দেয়নি। এদিকে ওই পাঁচজন আমাদেরও প্রাণে মারার হুমকি দিচ্ছে অনবরত।'

শুনানিতে যোগ দিতে যাওয়ার সময় হামলা হয় তাঁর উপর
গত বছরের ডিসেম্বরে গণধর্ষণের শিকার হয়েছিলেন উন্নাওয়ের ২৩ বছরের তরুণী। বৃহস্পতিবার রায়বরেলির আদালতে মামলার শুনানিতে যোগ দিতে যাওয়ার সময় উন্নাওয়ের সিন্দুপুর গ্রামের বাইরে ৫ জন তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। তাঁকে প্রচণ্ড মারধর করা হয়, ছুরি মারা হয়, তারপর জ্বালিয়ে দেওয়া হয় শরীর।

ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণা
উন্নাওকাণ্ডের দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের কথা জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, 'অপরাধীদের কঠোর সাজার ব্যবস্থা করা হবে। যত দ্রুত সম্ভব এই বিষয়ে পদক্ষেপ নেবে সরকার। ফাস্ট ট্র্যাক কোর্ট বসিয়ে এই মামলার নিষ্পত্তি করা হবে।'












Click it and Unblock the Notifications