Assembly Elections 2023: ২০১৮-এ রাজস্থান-এমপিতে কী ছিল বিজেপির ফল? তেলেঙ্গানা-ছত্তিসগড়-মিজোরামের ফল
Assembly Elections 2023: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। ভোট রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিসগড়, তেলেঙ্গানা এবং মিজোরামে। আজ সোমবার এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন।
যা খবর তাতে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে বিধানসভা ভোট। শুধু তাই নয়, এক কিংবা দু'দফায় ভোট হতে পারে বলেও জানা যাচ্ছে। কিন্তু গত বছর আগে অর্থাৎ ২০১৮ সালে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিসগড় সহ এই পাঁচ রাজ্যে কেমন ছিল ভোটের ফলাফল( Assembly Elections 2023) ? কেমন ফল করেছিল বিজেপি? কতগুলি আসন পেয়েছিল কংগ্রেস? সেই তথ্যই রইল এই প্রতিবেদনে-

Assembly Elections 2023: রাজস্থান বিধানসভার ফলাফল -
রাজস্থানে প্রত্যেক পাঁচ বছর অন্তর ক্ষমতার পরিবর্তন হয়। শেষ বিধানসভা নির্বাচন অর্থাৎ ২০১৮ সালেও সেই ধারা বজায় ছিল। সেই মতো দেশের এই মরু-রাজ্যে বিজেপির বসুন্ধরা রাজে সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় ফেরে কংগ্রেস। রাজস্থানের ১৯৯ টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছিল ৯৯ টি আসন, বিজেপি পায় ৭৩, বসপা ৬ টি এবং অন্যান্যরা ২০ টি আসন পায়। তবে এবার অশোক গেহলট এবং সচিন পাইলটের সংঘাতে বিজেপি কতটা খেলা ঘোরাতে পারে সেদিকেই নজর সবার।
Assembly Elections 2023:মধ্যপ্রদেশ বিধানসভার ফলাফল-
২৩০ টি বিধানসভা আসনে মধ্যপ্রদেশে ম্যাজিক ফিগার ১১৬। ২০১৮ সালের বিধানসভা ভোটে ১১৪ টি আসন পেয়েছিল কংগ্রেস, বিজেপি পায় ১০৯ টি, বসপা ২টি এবং অন্যান্যরা ৫টি। সংখ্যাগরিষ্ঠ জায়গায় গত বার কংগ্রেস কিংবা বিজেপি কেউ যেতে পারেননি। যা নিয়ে রাজনৈতিক বিতর্কের সাক্ষী থেকেছে দেশ। যদিও নির্দলদের সঙ্গে নিয়ে কংগ্রেসের কমলনাথ সরকার গড়লেও খেলা ঘোরায় বিজেপি। জ্যোতিরাদিত্য সিদ্ধিয়াকে বিজেপি নিজেদের ঘরে তুলে, কংগ্রেস সরকার ফেলে দেয় বিজেপি। মুখ্যমন্ত্রী হন বিজেপির শিবরাজ সিং চৌহান।
Assembly Elections 2023: ছত্তিসগড় বিধানসভার ফলাফল-
২০১৮ সালে বিজেপির শক্তিঘাঁটিতে পরিবর্তন ঘটায় কংগ্রেস। দীর্ঘ ১৫ বছরের বিজেপির রমন সিং সরকারের পতন ঘটে ছত্তিসগড়ে। সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার তৈরি করে কংগ্রেস। ৯০ টি আসনের মধ্যে মাত্র ১৫ টি আসনে ২০১৮ সালে জয় পেয়েছিল বিজেপি। কংগ্রেসের দখলে যায় ৬৮ টি বিধানসভা এলাকা। জেসিসি-বসপার অধীনে ৭টি আসন যায়।
Assembly Elections 2023: তেলেঙ্গানা বিধানসভার ফলাফল
২০১৮ সালেও কেসিআর তাঁর জয় অব্যাহত রাখেন। রাজ্যের ১১৯টি আসনের মধ্যে ৮৮ টি আসন দখল করে ক্ষমতায় থাকে টিআরএস। কংগ্রেস ২১ টি, বিজেপি একটি এবং অন্যান্যরা ৯টি আসন পেয়ে সন্তুষ্ট থাকেন।
Assembly Elections 2023: মিজোরাম বিধানসভার ফলাফল-
দেশের উত্তর-পূর্ব এই রাজ্যে প্রত্যেক ১০ বছর অন্তর সরকার বদলের রীতি রয়েছে। আর তা ২০১৮ সালেও অব্যাহত ছিল। সে রাজ্যের ৪০ টি আসন। যার মধ্যে আঞ্চলিক দল এমএনএফ ২৬ টি পেয়ে সরকার গঠন করেছিল। বিজেপি একটি, কংগ্রেস পাঁচটি এবং অন্যান্য ৮টি আসন পেয়েছিল।
উল্লেখ্য, ২০১৪ সালে লোকসভা নির্বাচন। আর তাঁর আগে ফের এই পাঁচ রাজ্যে ভোট হতে চলেছে। ফলে বিজেপি-কংগ্রেস সহ সমস্ত দলের কাছেই এই ভোট খুবই গুরুত্বপূর্ণ। এমনটাই মত ওয়াকিবহালমহলের।












Click it and Unblock the Notifications