দেশজোড়া কয়লা সঙ্কটের মূল কারণ কী ? আতঙ্কের আবহেই চারটি কারণ দর্শাচ্ছে কেন্দ্র
দেশজোড়া কয়লা সঙ্কটের মূল কারণ কী ? কী বলছে কেন্দ্র সরকার
কয়লা সঙ্কটের জেরে নাজেহাল দিল্লি। এদিকে এই ইস্যুতেই উত্তাল রাজ্য-রাজনীতি। এমনকী পরিস্থিতি যা তৈরি হয়েছে তাতে এখনই সঙ্কট না মিটলে দ্রুত রাজধানীর বুকে অন্ধকার নেমে আসতে পারে বলে মনে করা হচ্ছে। শনিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সমস্যা সমাধানে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এমনকী দ্রুত সমস্যার সমাধানও হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশীর তরফে।

কী বলছে কেন্দ্র
কেন্দ্রের দাবি আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। গত কয়েক বছরের এই সময়ের তুলনায় শেষ দু'মাসে দেশে সবথেকে বেশি কয়লা উত্তোলন হয়েছে বলেও দাবি করেছেন হয়েছে কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশী। যদিও তারপরেও দেখা যাচ্ছে সিঁদুরে মেঘ। এদিকে গোটা ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি স্পষ্টতই জানান রাজধানী শহরের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লার যোগান নেই পর্যাপ্ত পরিমাণে৷ যে পরিমাণ কয়লা সেখানে মজুদ রয়েছে, তাতে যদি আর দুদিনের মধ্যে যোগান বাড়ানো না যায় তাহলে বিপদ বাড়বে।

উঠে আসছে একাধিক তত্ত্ব
এদিকে ইতিমধ্যেই দিল্লিবাসীকে সম্ভাব্য বিদ্যুৎ সংকট নিয়ে সতর্ক করেছে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি। আগামী দিনে গোটা দেশেই এই পরিস্থিতি হতে পারে বলেও দাবি করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে কয়লার অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সরকারের নীতির অসারতার কারণেই এই পরিস্থিতির তৈরি হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের।

৪টি সমস্যার কথা বলছে কেন্দ্র
এদিকে দেশে কয়লা সঙ্কটের পিছনে যদিও মূলত চারটি সমস্যার কথা তুলে ধরছে কেন্দ্র সরকার। তাদের দাবি অর্থনীতির পুনরুত্থান হওয়ায় ভারতে বিদ্যুতের ব্যাপক চাহিদা বেড়েছে। কিন্তু সেই পরিমাণে জোগান নেই কয়লার। অন্যদিকে কয়লা খনি এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় স্বাভাবিক উত্তোলন ব্যহত হয়েছে। তৃতীয়ত, আমদানি করা কয়লার দামও বেড়েছে, সেই সঙ্গে আন্তর্জাতিক বাজারের চাহিদারও ছাপ পড়েছে ভারতের উপর। একইসাথেমহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে কয়লা সংস্থা গুলির কাছে সরকারি বকেয়ার পরিমাণ অনেকটাই বাড়ায় বেড়েছে জটিলতা।

'ম্যান মেড' ঘাটতি
এদিকে দেশের বর্তমান কয়লা সঙ্কটের যাবতীয় দায় কেন্দ্রের দিকে ঠেলেছে কেজরি সরকার। কোভিড পরিস্থিতিতে যেভাবে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছিল দিল্লিতে, কয়লার ঘাটতিও সেই একই ধরনের বলে মত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের৷ এমনকী সাম্ভব্য বিপদের কথা জানিয়ে টুইটও করতে দেখা গিয়েছে তাঁকে। এমনকী এই কয়লার ঘাটতিকেও 'ম্যান মেড' হিসেবে কটাক্ষ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications