পৃথক রাজ্যের দাবিতে ঝড় প্রতিবেশী রাজ্যেও! রেল অবরোধে বিচ্ছিন্ন বাংলা-অসম
এবার পৃথক রাজ্যের দাবিতে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ল প্রতিবেশী রাজ্যেও। রেল অবরোধ করে বিক্ষোভ চলে দিনভর। স্টেশনে স্টেশনে আটকে পড়ে দূরপাল্লার ট্রেন, লোকাল ট্রেনও।
পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে অসম ও বাংলার বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করল একেআরএএসইউ নামে আদিবাসীদের এক সংগঠন। সোমবার সকাল ছ'টা থেকে অসমের বিভিন্ন স্টেশনে দফায় দফায় অবরোধে আটকে পড়ে বাংলা-বিহারের বিভিন্ন ট্রেনও। অসম-বাংলা রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই অবরোধের জেরে। বিশেষ করে উত্তরবঙ্গের রেল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে এদিন।

এদিন সকাল থেকেই বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার ট্রেনগুলি। রেল সূত্রে জানানো হয়েছে, আপ ও ডাউন কামরূপ এক্সপ্রেস, আপ গরিবরথ এক্সপ্রেস, যশবন্তপুর-কামাখ্যা এক্সপ্রেস, আপ ও ডাউন ব্রহ্মপুত্র মেল, গুয়াহাটি-ইন্দোর স্পেশাল, আপ রাজধানী, ডাউন রাজধানী এক্সপ্রেস, ডাউন বেঙ্গালুরু এক্সপ্রেস, ডাউন গয়া এক্সপ্রেস, ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেস, ডাউন ওখা এক্সপ্রেস, আপ অমরনাথ এক্সপ্রেস, আপ গুয়াহাটি এক্সপ্রেস, আপ লোকমান্য তিলক এক্সপ্রেস, আপ ক্যাপিটাল এক্সপ্রেস আটকে রয়েছে অসম ও বাংলার বিভিন্ন স্টেশনে।

এদিন সকাল থেকে অসমের সঙ্গে অন্যান্য রাজ্যের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বহু লোকাল ট্রেনও আটকে পড়ে বিভিন্ন স্টেশনে। ফলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। রেল জানিয়েছে, বহু ট্রেন বাতিল হতে পারে এদিন।

এদিকে পৃথক রাজ্যের দাবিতে উত্তাল ত্রিপুরাও। অসমের মতো ত্রিপুরাতেও চলছে বিক্ষোভ-অবরোধ। তিপ্রাল্যান্ড রাজ্য গঠনের দাবিতে ত্রিপুরার বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করে আদিবাসী সংগঠন আইপিএফটি। ৪৪ নম্বর জাতীয় সড়কও অবরোধ করা হয়। বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলার জন্য বিপুল সংখ্যক পুলিশ, আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। কাঁদানে গ্যাস, জলকামান, কন্ট্রোল ভ্যান মজুত রাখা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে বিক্ষোভের আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন।












Click it and Unblock the Notifications