অব্যাহত থাকবে বৃষ্টিপাত-তুষারপাতের স্পেল! বাংলা-সহ কয়েকটি রাজ্যে শিলাবৃষ্টির জন্য জারি হলুদ সতর্কতা
Weather Update: বৃহস্পতিবারের পরে শুক্রবারেও উত্তর ভারতের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বাংলা-সহ বেশ কয়েকটি জায়গায় সম্ভাব্য শিলাবৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে পাকিস্তান ও পঞ্জাবের আশপাশের এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। একইসঙ্গে আরব সাগর থেকে আসা আর্দ্রতাযুক্ত বাতাস উত্তর-পশ্চিম ভারতের আবহাওয়াকে প্রভাবিত করতে চলেছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিম হিমালয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ২৩ ফেব্রুয়ারি মধ্যে সেইসব জায়গায় বৃষ্টিপাতের সঙ্গে তুষারপাত হতে পারে। আবহাওয়া দফতরের তরফে জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। এদিন হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশে ২২ ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারেও উত্তর প্রদেশে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
জাতীয় রাজধানী দিল্লিতে বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারেও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হিমালয় অঞ্চলে ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে।
আবহাওয়া দফতর ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর-পূর্ব ভারতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে বৃষ্টিপাত এবং তুষারপাত হতে পারে। অরুণাচল প্রদেশে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। পশ্চিমবঙ্গ ও সিকিমে বুধবারের পাশাপাশি বৃহস্পতিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের চার জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার অসম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও মেঘালয়ে বৃষ্টিপাত হতে পারে। বিহারে বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications