কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহের আক্রমণ! ৩১ জানুয়ারির মধ্যে আবহাওয়া বড় পরিবর্তনের পূর্বাভাস
Weather Update: তীব্র কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে ৩১ জানুয়ারির মধ্যে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। এই সময় অনেক রাজ্যে বৃষ্টির পাশাপাশি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
শুক্রবার উত্তরাখণ্ড-পঞ্জাব-হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩-৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই তালিকায় উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশ, উত্তর-পশ্চিম রাজস্থানের কিছু অংশও ছিল। অন্যদিকে রাজস্থান ও মধ্যপ্রদেশের বাকি অংশ, বিহারের অধিকাংশ অংশ, ঝাড়খণ্ড ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া উত্তরাখণ্ড-হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি, উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি কম ছিল। শুক্রবার সমতলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল হরিয়ানার হিসারে ২.৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর জানিয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা ২৭ জানুয়ারি রাত থেকে পশ্চিম হিমালয় অঞ্চলে আছড়ে পড়তে চলেছে। যে কারণে ওইসব জায়গায় আগামী দু'দিন বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপরের তিন থেকে চারদিন বিস্তীর্ণ এলাকায় মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৭-২৯ জানুয়ারির মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
উত্তর প্রদেশের অধিকাংশ জায়গায়, পঞ্জাবের কিছু অংশ, হরিয়ানা, চণ্ডীগড় ও বিহারের কিছু অংশে ২৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে রাত ও সকালের দিকে ঘন থেকে অতিঘন কুয়াশার থাকতে পারে। ২৭-২৯ জানুয়ারির মধ্যে ঘন কুয়াশা থাকতে পারে রাজস্থানের কিছু অংশে। এছাড়া উত্তরাখণ্ড, পশ্চিম মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিম, ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ঘন কুয়াশা থাকতে পারে ২৭ ও ২৮ জানুয়ারি।
২৭-৩১ জানুয়ারির মধ্যে শীতল দিন থেকে অতি শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর প্রদেশ ও বিহারের বেশ কিছু জায়গায়। এছাড়া বিচ্ছিন্নভাবে এই পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম রাজস্থানে ২৭ ও ২৮ জানুয়ারিতে। শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পূর্ব রাজস্থানে।
উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে আগামী ৩-৪ দিনে ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। পশ্চিম ভারতের মধ্যে মহারাষ্ট্রে তাপমাত্রা বাড়তে পারে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। এদিনের পাশাপাশি ২৮ জানুয়ারি শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ, ওড়িশা ও বিহারে। এদিনের পাশাপাশি ২৮ জানুয়ারি উত্তরাখণ্ডে গ্রাউন্ড ফ্রস্ট পরিস্থিতি তৈরি হতে পারে।












Click it and Unblock the Notifications