Weather Update: বেশ কয়েকটি রাজ্যে ঘন কুয়াশা! আবহাওয়া দফতর জারি করেছে শৈত্যপ্রবাহের সতর্কতাও
Weather Update: আগামী পাঁচ দিনের মধ্যে পঞ্জাব ও হরিয়ানার বিচ্ছিন্ন কিছু জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। এছাড়া আগামী তিন দিনের মধ্যে উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ এবং অসম, মেঘালয় ও নাগাল্যান্ডে এবং এদিন মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আবহাওয়া দফতর সতর্কতা জারি করে বলেছে, এদিন পঞ্জাবের বিচ্ছিন্ন কিছু জায়গায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। উল্লেখ করা প্রয়োজন যে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি ও উত্তর প্রদেশের কিছু অংশ, উত্তর-পশ্চিম রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিম বিহারের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৪-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে উত্তর ভারতের সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। সারা ভারতের ক্ষেত্রেও আগামী ৪-৫ দিন ন্যূনতম তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
ঘূর্ণিঝড় মিচাং এবং পরবর্তী সময়ে ভারী বৃষ্টিপাতের জেরে চেন্নাই ও শহরতলীর এলাকা প্রভাবিত হয়েছিল। পরিকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছিল প্রচুর। এব্যাপারে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে দুহাজার কোটি টাকা বরাদ্দ করতে অনুরোধ করেছেন।
প্রধানমন্ত্রী মোদীর কাছে জমা দেওয়া স্মারকলিপিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকেদের জীবিকা সহায়তা দিতে এবং তিরুনেলভেলি, থুতুকুডি, কন্যাকুমারী এবং টেনকাসি জেলায় অস্থায়ী পুনর্বাসনের কাজে সহায়তা করতে অনুরোধ করেছেন।
প্রসঙ্গত তিরুনেলভেলি ও থুথুকুডি জেলার প্রায় ৪০ লক্ষ মানুষ ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে শ্রীবৈকুন্তম ও থুথুকুডির শহরতলিও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব বিষয় প্রধানমন্ত্রী সামনে তুলে ধরেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী একসঙ্গে কাজ করে চলেছে এবং হেলিকপ্টারে ত্রাণ বিতরণ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications