দিল্লির ঠান্ডা ভাঙল ৫ বছরের রেকর্ড, রাজস্থানের মরুভূমিতে তাপমাত্রা শূন্যের নিচে
Weather Update: উত্তর ভারত জুড়ে তীব্র ঠান্ডা অব্যাহত রয়েছে। এদিন দিল্লির ঠান্ডা আগের পাঁচ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। শুক্রবার রাজধানী ছিল এই মরসুমের শীতলতম। তাপমাত্রা নেমে গিয়েছে ৩.৯ ডিগ্রিতে। ঠান্ডা হাওয়ার পাশাপাশি ঘন কুয়াশা দিল্লি-এনসিআর-এ। অন্যদিকে রাজস্থানের শিকারে এই মরসুমে প্রথমবারের মতো তাপমাত্রা শূন্যের নিচে চলে গিয়েছে। এদিন সেখানে তাপমাত্রা -০.৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
হরিয়ানাতেও তীব্র ঠান্ডা অব্যাহত রয়েছে। সেখানকার নারনৌলে সর্বনিম্ন তাপমাত্রা ২.৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এছাড়া পঞ্জাব এবং উত্তর প্রদেশেও তীব্র ঠান্ডার কবলে। অমৃতসরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১.৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। পঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতে এদিনের পরে শনিবারেও ঠান্ডা দিন থেকে তীব্র ঠান্ডার দিনের সতর্ক বার্তা জারি করা হয়েছে। উত্তরাখণ্ড ও উত্তর প্রদেশে ঠান্ডার দিনের সতর্কবার্তা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দিল্লিতে তাপমাত্রা ৩.৯ ডিগ্রি সেলসিয়াস। গত পাঁচ বছরের মধ্যে এটাই সর্বনিম্ন ঠান্ডা। ঠান্ডার পাশাপাশি দিল্লি, এনসিআর-এ ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা শূন্যে পৌঁছে যায়।
এদিন রাজস্থানে সব থেকে বেশি ঠান্ডা ছিল শিকারে। মরসুমে প্রথমবারের জন্য তাপমাত্রা শূন্যের নিচে চলে যায়। এদিন সেখানে তাপমাত্রা -০.৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এছাড়া চুরুতে ১ ডিগ্রি সেলসিয়াস, আলোয়ারে ২.২ ডিগ্রি সেলসিয়াস, পিলানিতে ২.২ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীগঙ্গানগরে ৪.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পঞ্জাবের হিসার, আম্বালা, কর্নাল ও সিরসায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৫.১, ৬.৬, ৬.৯ ও ৬.৪ ডিগ্রি সেলসিয়াস। চণ্ডীগড়ের সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ৬.৪ ডিগ্রি সেলসিয়াস। পঞ্জাবের ফরিদকোটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। ভাতিন্ডা ও গুরদাসপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৪.২ ও ৪.৫ ডিগ্রি সেলসিয়াস।
জম্মু ও কাশ্মীরে প্রবল ঠান্ডা অব্যাহত রয়েছে। তাপমাত্রা রয়েছে শূন্যের থেকে নিচে। কাশ্মীরে রাত যতটা শীতল হচ্ছে, দিন স্বাভাবিকের থেকে বেশি গরম হয়ে উঠছে। গুলমার্গ ও পহেলগাঁওতে সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে -৩.৫ ও -৬.৩ ডিগ্রি সেলসিয়াস। কুপওয়ারার সর্বনিম্ন তাপমাত্রা -৫.৩ ডিগ্রি সেলসিয়াস।
পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার সর্বনিম্ন তাপমাত্রা আগের দিনের থেকে অন্তত ৩ ডিগ্রি কমে যায়। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, সেখানে এদিন তা নেমে গিয়েছে ১৪.১ ডিগ্রি সেলসিয়াসে। আগামী দিন চারেক রাজ্য জুড়ে এই পরিস্থিতি চলতে থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।












Click it and Unblock the Notifications