Weather Update: দিল্লিতে বাড়ল ঠান্ডা, কয়েকটি রাজ্যে বৃষ্টি! কেমন থাকতে চলেছে বাংলা, একনজরে পূর্বাভাস
Weather Update: খানিক বৃষ্টির পরে রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় আবহাওয়ার কিছুটা পরিবর্তন হয়েছে। ঠান্ডা কিছুটা বেড়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর প্রদেশে অনেক জায়গায় খারাপ আবহাওয়ার কারণে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
উত্তর গুজরাত ও সংলগ্ন রাজস্থানের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে মধ্যপ্রদেশ, উত্তর মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, বিদর্ভ এবং ছত্তিশগড়ে ২৮ ও ২৯ নভেম্বর বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময়ের পরে আবহাওয়ার উন্নতি হবে এবং ঠান্ডা বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম ভারত এবং মধ্য ভারতে আগামী ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এইসব এলাকার কোনও কোনও জায়গায় মাঝারি ধরনের কুয়াশা সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণ আন্দামান সাগর এবং মালাক্কা প্রণালির ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে ২৯ নভেম্বর নাগাদ। তারপর তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, ২৮-৩০ নভেম্বর নিকোবর দ্বীপপুঞ্জে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। ২৮ ও ২৯ নভেম্বর ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এইসব এলাকার মৎস্যজীবীদের জন্যও সতর্কবার্তা জারি করা হয়েছে।
অন্যদিকে পূর্ব ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গের আবহাওয়া আপাতত শুকনো থাকবে। .রাতের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর-পূর্ব ভারতের আবহাওয়াও শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।












Click it and Unblock the Notifications