এ'মরসুমের শীতে শীতলতম দিল্লি, জারি লাল সতর্কতা! শৈত্যপ্রবাহ থেকে মুক্তি পেতে করতে হবে অপেক্ষা
Weather Update: দু'দিন আগেই ঠান্ডায় পাঁচ বছরের রেকর্ড ভেঙেছিল দিল্লি। আর এদিন এই মরসুমের শীতলতম দিল্লি। সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। সকালে ঘন কুয়াশায় দৃশ্যমানতা শূন্যে নেমে যায়। সড়কে যান চলাচল বিঘ্নিত হওয়া ছাড়ও এর প্রভাব পড়ে ট্রেন ও বিমান চলাচলে। ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, কেরল, মাহে, উপকূল অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসীমা ও সাউথ ইন্টেরিওর কর্নাটক থেকে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু বিদায় নিতে চলেছে ১৫ জানুয়ারির আশপাশের সময়ে। অন্যদিকে পশ্চিম হিমালয় অঞ্চলে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে চলেছে ১৬ জানুয়ারির আশপাশের সময়ে। এর প্রভাবে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ ও হিমাচল প্রদেশে ১৬ ও ১৭ জানুয়ারি এবং উত্তরাখণ্ডে ১৭ ও ১৮ জানুয়ারি নাগাদ হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, ১৭ জানুয়ারি পর্যন্ত রাতে কিংবা সকালের দিকে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে ঘন থেকে অতিঘন কুয়াশা থাকতে পারে। উত্তর প্রদেশের বড় অংশে এই পরিস্থিতি তৈরি হতে পারে ১৫ জানুয়ারি নাগাদ। এছাড়া রাজ্যে কিছু কিছু জায়গায় এই পরিস্থিতি তৈরি হতে পারে ১৬ ও ১৭ জানুয়ারিতে। এদিনের পরে এই পরিস্থিতি তৈরি হতে পারে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডেও।
১৫ জানুয়ারি ঘন কুয়াশা থাকতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। এছাড়া বিহার, অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরায় এই পরিস্থিতি তৈরি হতে পারে ১৫ জানুয়ারিতেও।
শীতলতম দিন কিংবা অতি শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে ১৫ জানুয়ারি পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে। এই অঞ্চলগুলির বিচ্ছিন্ন কিছু জায়গায় ১৬ জানুয়ারিও এই পরিস্থিতি তৈরি হতে পারে। পশ্চিম উত্তর প্রদেশের কিছু অংশে এই পরিস্থিতি তৈরি হতে পারে ১৫ জানুয়ারিতেও।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন তিনেকে উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা সামান্য কিছুটা বৃদ্ধি পেতে পারে। মধ্য ভারতের বেশ কিছু জায়গায় শনিবার রাতে তাপমাত্রা হ্রাসের পরে আপাতত দিন তিনেক তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
শৈত্যপ্রবাহ থেকে অতিপ্রবল শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে ১৬ জানুয়ারির মধ্যে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির কোনও কোনও জায়গায়। এছাড়া পশ্চিম উত্তর প্রদেশ ও রাজস্থানের কোনও কোনও জায়গায় এই পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানানো হয়েছে। এছাড়া হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লির ও রাজস্থানের কোনও কোনও জায়গায় গ্রাউন্ড ফ্রস্টের পরিস্থিতিও তৈরি হতে পারে।












Click it and Unblock the Notifications