Weather Update: রাজধানী মরসুমের শীতলতম, জারি হলুদ সতর্কতা! পারদ পতনের পূর্বাভাস বাংলা-সহ বিভিন্ন রাজ্যে
Weather Update: পূর্ব ভারত তথা বাংলায় জাঁকিয়ে শীত না থাকতে পারে, উত্তর ভারত তীব্র ঠান্ডার কবলে। এদিন রাজধানী দিল্লি মরসুমের শীতলতম। বুধবার সকালের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম বলে, জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস আরও জানিয়েছে, এদিন সেখানে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা উত্তরের সমভূমির অন্য অংশকে প্রভাবিত করেছে। পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এদিন দিল্লির বাতাসের মান খুব খারাপ, গুণমান ৩৪৩ রেকর্ড করা হয়েছে। এদিন দিল্লির পাশে উত্তর প্রদেশও তীব্র শীতের কবলে। কানপুর ও আগ্রার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের অনেকটাই নিচে।

দিল্লিতে গৃহহীনদের আশ্রয় দিতে রাতের আশ্রয় কেন্দ্রগুলিতে কম্বল, বিছানা, গরম জল এবং আশ্রয় প্রার্থীদের জন্য খাবারের বন্দোবস্তও করা হয়। দিল্লির আনন্দ বিহারের একটি নৈশ আশ্রয় কেন্দ্রে তত্ত্বাবধায়ক সংবাদ সংস্থাকে বলেছেন, রাস্তার ধারে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ১০ থেকে ১৪ জানুয়ারির মধ্যে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ ও জম্মু বিভাগ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তর রাজস্থানে সকালের বেশ কয়েকঘন্টা কুয়াশার ঞাকা রয়েছে। বুধবার উত্তর মধ্যপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিম,. অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দু'দিনও এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আবহাওয়া দফতর সতর্কতা জারি করে বলেছে, হরিয়ানা, পঞ্জাব, দিল্লি, রাজস্থান ও উত্তর প্রদেশের কিছু অংশে শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। ১০ থেকে ১২ জানুয়ারির মধ্যে উত্তরাখণ্ডে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য আরব সাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা অক্ষরেখার মাধ্যমে গুজরাত পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই সিস্টেমের প্রভাবে আগামী তিন দিন তামিলনাড়ু, কেরল, উপকূল কর্ণাটক এবং লাক্ষাদ্বীপে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু'দিন পূর্ব ভারতের রাজ্যগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে। অন্যদিকে মধ্য ভারতের রাজ্যগুলিতেও এই সময় তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।












Click it and Unblock the Notifications