ঘূর্ণাবর্তের সঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখা, ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ক্ষতির আশঙ্কায় বাংলায় জারি কমলা সতর্কতা
ঘূর্ণাবর্তের সঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখা, ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ক্ষতির আশঙ্কায় বাংলায় জারি কমলা সতর্কতা
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত (cyclonic circulation)। এছাড়াও মৌসুমী অক্ষরেখা (monsoon trough) গিয়েছে কলকাতার ওপর দিয়ে। যেই কারণে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এখনও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি রেখেছে আবহাওয়া দফতর (weather office)। পাশাপাশি ক্ষয়ক্ষতির আশঙ্কায়ও সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
সোমবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২২ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলারই কোথাও না কোথাও বর্ষার বৃষ্টি হিসেবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা
এদিকে এদিন বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ২১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। বাকি জেলাগুলিতে বর্ষার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে আগামী দিন পাঁচেকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া
সোমবার বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকায় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কোনও কোনও জায়গায়। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর স্বাভাবিক কারণেই আকাশ মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং সংলগ্ন এলাকার ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত। সেই কারণে সমুদ্র উত্তাল। মৎস্যজীবীদের আগামী ২৪ ঘন্টার জন্য সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ক্ষতির আশঙ্কায় সতর্কবার্তা
আবহাওয়া দফতর থেকে ক্ষয়ক্ষতির আশঙ্কায় সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে, প্রবল বৃষ্টিতে নদীর জলস্তর বাড়তে পারে। বিভিন্ন পুরসভার নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। মাঠে থাকা সবজির ক্ষতি হতে পারে। এছাড়াও কাঁচা রাস্তারও ক্ষতি হতে পারে। পাশাপাশি বজ্রপাতের সময় ঘরে থাকতে এবং পাকা কাঠামোর তলায় থাকতেও পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল (৩৩.৪)
বালুরঘাট (৩২.৮)
বাঁকুড়া (৩২.৫)
ব্যারাকপুর (৩১.৮)
বহরমপুর (৩৪.৬)
বর্ধমান (৩৩)
ক্যানিং (৩০.৪)
কোচবিহার (৩৩.৬)
দার্জিলিং (২০.৫)
দিঘা (৩১.৮)
কলকাতা (৩১.৯)
মালদহ (৩৪.৪)
পানাগড় (৩২.৯)
পুরুলিয়া (৩২.৩)
শিলিগুড়ি (৩১.৬)
শ্রীনিকেতন (৩৪.৪)

মৌসুমী অক্ষরেখার অবস্থান
মৌসুমী অক্ষরেখার পশ্চিমের অংশ তার স্বাভাবিক অবস্থানের দক্ষিণে রয়েছে। আর পূর্ব দিকের অংশ রয়েছে স্বাভাবিক অবস্থানের কাছেই রয়েছে। মৌসুমী অক্ষরেখা বিতানের, কোটা, নগাঁও, গয়া, কলকাতা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

দেশের আবহাওয়া
পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরেও অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত।
ওপরের এই পরিস্থিতির জেরে আগামী দিন পাঁচেক পূর্ব রাজস্থানে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড়ে আগামী ৪ দিন ভারী বৃষ্টি হতে পারে। কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়ায় আগামী তিনদিন, গুজরাতে আগামী দুদিন ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব রাজস্থানে ২১ সেপ্টেম্বরের মধ্যে কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০-২৪ সেপ্টেম্বরের মধ্যে উত্তরাখণ্ডে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি চলতে থাকবে বলে জানানো হয়েছে। তবে তারপর থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে।

আরও একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা
পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ২৫ সেপ্টেম্বর নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি সম্ভাবনা। যা পশ্চিম-উত্তর-পশ্চিমে ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। এর জেরে ২৬ সেপ্টেম্বর থেকে ওড়িশা ও সংলগ্ন এলাকায় নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications