'ঘূর্ণিঝড় অশনি'র প্রভাবে অতিপ্রবল বৃষ্টি ও ঝড়! আন্দামান ও নিকোবরে সতর্কবার্তা আবহাওয়া দফতরের, ৭ আপডেট
'ঘূর্ণিঝড় অশনি'র প্রভাবে অতিপ্রবল বৃষ্টি ও ঝড়! আন্দামান ও নিকোবরে সতর্কবার্তা আবহাওয়া দফতরের, ৭ আপডেট
প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani)। এর প্রভাবে অতিপ্রবল বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর আন্দামান দ্বীপপুঞ্জে (Andaman Island)। বাদ যাবে না নিকোবর দ্বীপপুঞ্জও (Nicobar Island)। বঙ্গোপসাগরের প্রথম ঘূর্ণিঝড় নিয়ে একদিকে যেমন সতর্কবার্তা জারি করা হয়েছে অন্যদিকে উদ্ধারকারী দলও মোতায়েন করা হয়েছে প্রশাসনের তরফে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা
আবহওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, অতিগভীর নিম্নচাপটি নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ২৫০ কিমি উত্তর-উত্তর-পূর্বে এবং পোর্টব্লেয়ার থেকে ৮০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। যা দ্বীপপুঞ্জের পাশ দিয়ে উত্তর দিকে এগিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। পরবর্তী ১২ ঘন্টার মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

সরানো হয়েছে উপকূলের বাসিন্দাদের
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অতিপ্রবল নিম্নচাপের কারণে ঘন্টায় ৫৫ থেকে ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মঙ্গলবার বিকেলে এই ঝড় হতে পারে ঘন্টায় ৭৫ কিমি বেগে। এছাড়াও প্রবল বৃষ্টিতে ক্ষতির সম্ভাবনাও রয়েছে। যে কারণে উপকূল এলাকা থেকে বাসিন্দাদের সরানো হয়েছে।

প্রস্তুত উদ্ধারকারী দল
পোর্টব্লেয়ারে এনডিআরএফ-এর বেশ কয়েকটি দল মোতায়েন করে রাখা হয়েছে। এছাড়াও সেনাবাহিনী এবং নৌবাহিনীকেও উদ্ধার কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।

উল্লেখ করা হয়নি ল্যান্ডফলের স্থান
বিভিন্ন ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে ল্যান্ডফলের স্থান উল্লেখ করা হলেও, এর কোনও ল্যান্ডফলের উল্লেখ করা হয়নি। আবহাওয়া দফতর জানিয়েছে এই ঘূর্ণিঝড় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বরাবর উত্তর দিকে অগ্রসর হয়ে পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে মিয়ানমার উপকূলের দিকে এগিয়ে যাবে। এরসঙ্গে এর শক্তিও হ্রাস পাবে।

মৎস্যদীবীদের প্রতি সতর্কতা
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যদীবীদের প্রতি সতর্কতা জারি করে বলা হয়েছে, তাঁরা যেন মাছ ধরতে না বেরোন।

বিদ্যুৎ সংযোগে ক্ষতির আশঙ্কা, স্থগিত পর্যটন
প্রবল ঝড় ও বৃষ্টির জেরে আন্দামানে বিদ্যুৎ সংযোগের ক্ষতি হতে পারে এবং রাস্তাঘাটের ক্ষতি হতে পারে। সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। দ্বীপপুঞ্জ জুড়ে পর্যটন আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় হয় না মার্চে
সাধারণভাবে মার্চে মহাসাগর ঠাণ্ডা থাকে, সেই কারণে ঘূর্ণিঝড় হয় না। এপ্রিল ও মে মাসে হয়। এছাড়াও মার্চে পশ্চিমা বায়ু দেশের উত্তরাংশে সক্রিয় থাকে। আর পূবালী হাওয়া সক্রিয় থাকে দেশের দক্ষিণ অংশে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ১৮৯১ সাল থেকে ২০২০ সালের মধ্যে ভারত মহাসাগরীয় এলাকায় আটটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এর মধ্যে আরব সাগরে দুটি এবং ছটি বঙ্গোপসাগরে।












Click it and Unblock the Notifications