বৃষ্টি থেকে নিস্তার নেই সরস্বতী পুজোতেও, পূর্বাভাস আবহাওয়া দফতরের
বৃষ্টি থেকে নিস্তার নেই সরস্বতী পুজোতেও, পূর্বাভাস আবহাওয়া দফতরের
এবার বৃষ্টি (rain) থেকে নিস্তার নেই সরস্বতী পুজোতেও (Saraswati Puja)। আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে আপাতত আবহাওয়া শুকনো থাকলেও, সরস্বতী পুজোর সময় আবহাওয়া পরিবর্তন হবে। সেই সময় দিন দুয়েক টানা বৃষ্টি হতে পারে।

টানা শীতে বারে বারে বিঘ্ন
এবছর টানা শীতে বারে বারে বিঘ্ন ঘটেছে। কয়েকদিন শীত পড়তে না পড়তেই ফের পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। তাপমাত্রার বৃদ্ধি হয়েছে। তবে ফের তাপমাত্রার হ্রাস হয়েছে। যেমনটি হতে চলেছে বর্তমান সপ্তাহে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী তিন দিন উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা অনেকটাই হ্রাস পাবে। তবে ফের বাড়বে তাপমাত্রা।

টানা দুদিন বৃষ্টি হতে পারে
আবহাওয়া দফতর জানিয়েছে, এবার সরস্বতী পুজোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ ফেব্রুয়ারি শনিবার সরস্বতী পুজো। সেক্ষেত্রে ৪ ও ৫ ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবহাওয়ার এই পরিবর্তন বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর-পশ্চিম ভারতে ফের পশ্চিমী ঝঞ্ঝা
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২৯ জানুয়ারি নাগাদ পশ্চিম হিমালয় অঞ্চলে ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে। যার জেরে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদে ২৯ থেকে ৩১ জানুয়ারির মধ্যে বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে।
পরে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যার জেরে পশ্চিম হিমালয় অঞ্চলে ২ থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে।

শৈত্যপ্রবাহের পূর্বাভাস
পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, পশ্চিম উত্তর প্রদেশ, বিদর্ভ, বিহার, ছত্তিশগড়ে আগামী ২-৩ দিন এবং ওড়িশায় ২৮ থেকে ৩০ জানুয়ারি শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। মধ্যপ্রদেশের কোনও কোনও জায়গায় আগামী ২৪ ঘন্টায় শীতলতম দিনের পরিস্থিতি তৈরির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর প্রদেশ এবং ছত্তিশগড়ে আগামী দুদিন শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে।

অতিঘন কুয়াশার পূর্বাভাস
আগামী ২৪ ঘন্টায় রাতে কিংবা সকালের দিকে ঘন কুয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম হিমালয় অঞ্চল, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তর প্রদেশ। পরবর্তী ৪৮ ঘন্টায় উত্তর পূর্বের সবকটি রাজ্যেই এই পরিস্থিতি তৈরি হতে পারে।

তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে আগামী তিনদিন সর্বনিম্ন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপরে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রার বৃদ্ধি হতে পারে। আগামী তিনদিন গুজরাতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।












Click it and Unblock the Notifications