সাত রাজ্য ঢাকতে চলেছে ঘন কুয়াশায়! তুষারপাত-শৈত্যপ্রবাহ-শিলাবৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া অফিসের
সাত রাজ্য ঢাকতে চলেছে ঘন কুয়াশায়! তুষারপাত-শৈত্যপ্রবাহ-শিলাবৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া অফিসের
সাত রাজ্য ঘন কুয়াশায় (Fog) ঢাকতে চলেছে। এমনটাই সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি কয়েকটি পকেটে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের আকারে পঞ্জাব এবং সন্নিহিত এলাকার ওপরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর।

উত্তর ভারতে অবস্থান করছে দুটি ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারতে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি অবস্থান করছে পঞ্জাবের ওপরে। অপরটি হরিয়ানা ও সংলগ্ন এলাকার ওপরে। এছাড়াও একটি অক্ষরেখা হরিয়ানার ওপরে থাকা ঘূর্ণাবর্ত থেকে শুরু করে উত্তর ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও অপর একটি অক্ষরেথা বিহার থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা
হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদে। এছাড়াও হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে আগামী ২৫ জানুয়ারির মধ্যে এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘন্টায় বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্জাব-হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি-পশ্চিম উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে। তবে এর পরে আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় পূর্ব উত্তর প্রদেশে বিস্তীর্ণ এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এর পরে বৃষ্টিপাত কমতে থাকবে।

পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি
২৪ জানুয়ারির মধ্যে বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে বিহার, ঝাড়খণ্ড, উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং সিকিমে। তবে ২৩ জানুয়ারির পরে বৃষ্টির বেগ হ্রাস পাবে। এইসব রাজ্যে পরবর্তী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
২৫ জানুয়ারিরে মধ্যে বিস্তীর্ণ এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে। আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি হতে পারে অসম, মেঘালয়ে।

ঘন কুয়াশার পরিস্থিতি
আগামী দুদিন ঘন কুয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ, রাজস্থানে। এইসব রাজ্যগুলির কোনও কোনও জায়গায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে ২৪ জানুয়ারি নাগাদ। এছাড়াও ২৫-১৭ জানুয়ারি নাগাদ এইসব রাজ্যগুলির কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী তিন দিন মধ্যপ্রদেশের কোনও কোনও জায়গায় শীতলতম দিনের মতো পরিস্থিতি এবং ২৫ ও ২৬ জানুয়ারি নাগাদ শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
কোঙ্কনের কোনও কোনও জায়গায় ঘন্টায় ২০-৩০ কিমি বেগে ধুলো ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পশ্চিম হিমালয় অঞ্চলে পরবর্তী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে ২৯ জানুয়ারি নাগাদ।












Click it and Unblock the Notifications