রাজস্থানের মতো বজ্রপাতের আশঙ্কা রাজ্যে রাজ্যে, ছয় প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি সতর্কতা
রাজস্থানের মতো বজ্রপাতের আশঙ্কা রাজ্যে রাজ্যে, ছয় প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি সতর্কতা
উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে বর্ষা আরও অগ্রসর হয়েছে। রাজস্থানের বাকি অংশ, পঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তর প্রদেশের বাকি অংশে বর্ষা পৌঁছে গিয়েছে। আবহাওয়া দফতরের (weather office) তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে আসা পূবালী হাওয়ার জেরে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।

উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টি
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টি হবে। এর মধ্যে উত্তরাখণ্ডে আগামী ৫ দিন, রাজস্থানে আগামী ৪ দিন, বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজফফরাবাদ এবং রাজস্থানে বৃষ্টি হবে। এছাড়াও হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত হিমাচল প্রদেশে ইতিমধ্যে ধরমশলায় হড়পা বানে বহু ক্ষয়ক্ষতি হয়েছে

গুজরাত থেকে মধ্য ভারতে নিম্নচাপ অক্ষরেখা
দক্ষিণ গুজরাত থেকে মধ্যভারত পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যা দক্ষিণ ওড়িশা হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে পশ্চিম উপকূলে পশ্চিমা বায়ু জোরদার হয়েছে। পশ্চিম উপকূল এবং সংলগ্ন দেশের দক্ষিণের রাজ্যগুলিতে আগামী ৪ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন ৮০ থেকে ১০০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবারের পর থেকে বৃষ্টি কিছু কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সেই সময় দিনে ৫০ মিমি করে বৃষ্টি হতে পারে।
অতিপ্রবল বৃষ্টি হতে পারে কোঙ্কন ও গোয়া, মধ্য মহারাষ্ট্রে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে গুজরাত, মধ্য মহারাষ্ট্র, উপকূল অন্ধ্রপ্রদেশ, উপকূল কর্নাটক এবং কেরলে।

উত্তর-পূর্ব ভারতে টানা বৃষ্টি
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প এবং উত্তর পশ্চিম বায়ু উত্তর-পূর্ব ভারতের দিকে গিয়েছে। যার জেরে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে বেশি বৃষ্টি হতে পারে বুধবার, প্রায় ১০০ মিমির মতো।

বজ্রপাতের সতর্কবার্তা
আবহাওয়া দফতরের তরফ থেকে আগামী ২৪ ঘন্টায় মাঝারি থেকে প্রবল বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশে। এর জেরে মানুষ এবং গবাদি পশুর প্রভূত ক্ষতি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।












Click it and Unblock the Notifications