Weather Update: শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহ বেশ কিছু জায়গায়! সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের
Weather Update: শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহ বেশ কিছু জায়গায়! সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের
দেশের দক্ষিণের কিছু অংশ বাদ দিয়ে সারা ভারতে শীতের আবহাওয়া। কোথাও কুয়াশার প্রাধান্য। আবার কোথাও উচ্চচাপ বলয়ের কারণে শীতে বাধা। একই সময়ে আবহাওয়া দফতরের তরফে বেশ কিছু রাজ্যে শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

ঘন কুয়াশার সতর্কবার্তা
আবহাওয়া দফতরের তরফে রবিবার দুপুরে দেওয়া বার্তায় জানানো হয়েছে পঞ্জাব, হরিয়ানা এবং উত্তর রাজস্থানে আগামী ২৪ ঘন্টায় ঘন থেকে অতিঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে ভোরের দিকে। তবে বেলা বাড়লে তা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তবে এইসব রাজ্যের কোনও কোনও জায়গায় আগামী ৩-৪ দিন ঘন কুয়াশা থাকবে বলে আবহাওয়া দফতরের তরফে সতর্ক করা হয়েছে।

ন্যূনতম তাপমাত্রায় সেরকম পরিবর্তন নয়
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকায় ন্যূনতম তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না। তবে তারপরে ২-৩ ডিগ্রি সেলসিয়ায় পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আগামী দুদিনে পূর্ব ভারতের রাজ্যগুলিতে ন্যূনতম তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে তারপরের ৩ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। আগামী ৪-৫ দিনে উত্তর ভারতের রাজ্যগুলিতে ন্যূনতম তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহ
হাওয়া অফিসের তরফে সতর্ক করে বলা হয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে পরবর্তী দুদিনে এইসব এলাকায় পরিস্থিতির উন্নতি হবে। আগামী দুদিন সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

শীতলতম দিন
আগামী ২৪ ঘন্টায় পঞ্জাব ও হরিয়ানার কোনও কোনও জায়গায় শীতলতম দিন কিংবা অতিশীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এইসব এলাকাতেও পরবর্তী ২৪ ঘন্টায় পরিস্থিতির খানিকটা উন্নতি হবে।

তামিলনাড়ু-কেরলে বৃষ্টিপাতের পূর্বাভাস
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। এর প্রভাবে তামিলনাড়ুর দক্ষিণ উপকূলে ২৫ ডিসেম্বরের পাশাপাশি ২৬ ডিসেম্বরেও কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লাক্ষাদ্বীপে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ২৭ ডিসেম্বর। ২৬ ডিসেম্বর দক্ষিণ কেরলের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলে যাঁরা মাছ ধরতে যান, তাঁদের উদ্দেশে বলা হয়েছে ২৫-২৬ ডিসেম্বর যেন, তাঁরা সমুদ্রে যাত্রা বন্ধ রাখেন।












Click it and Unblock the Notifications