Weather Alert: তাপমাত্রা পৌঁছতে পারে ৪৭ ডিগ্রিতে! রাজ্যে রাজ্যে লাল সতর্কতা,কী অবস্থা বাংলার, একনজরে পূর্বাভাস
ফের একবার তীব্র তাপপ্রবাহের কবলে দেশের অনেকগুলি রাজ্য। শুক্রবার, শনিবারের পরে রবিবারেও রাজধানী দিল্লিতে তাপপ্রবাহের পরিস্থিতি। রাজধানীর সফদরজং-এ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের তরফে তাপপ্রবাহের সতর্কতা হিসেবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
উনিশ মে রবিবারের জন্য লাল সতর্কতা জারি করার পাশাপাশি সোমবার থেকে বুধবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে বেশ কিছু রাজ্যের বেশ কিছু শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ থেকে ৪৭ ডিগ্রির মধ্যে থখাকতে পারে। আবহাওয়া দফতরের তরফে জনগণকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রাজধানীতে উষ্ণতম মুঙ্গেশপুর
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার উত্তর-পশ্চিম দিল্লির মুঙ্গেশপুর ছিল রাজধানীর উষ্ণতম স্থান। তাপমাত্রা ছিল ৪৬.৮ ডিগ্রি সেলসিয়াস। তারপরেই ছিল নজফগড়ের তাপমাত্রা। সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৬.৭ ডিগ্রি সেলসিয়াস।
তাপপ্রবাহ রাজস্থানেও
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারত জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত রয়েছে। শনিবার রাজস্থানের বারমেরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থানের বেশিরভাগ অংশে গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ চলছে। আগামী এক সপ্তাহে যা অব্যাহত থাকবে।
বারমের ছাড়াও ফলোদিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৬.৪ ডিগ্রি সেলসিয়াস। পিলানিতে ৪৬.৩ ডিগ্রি, জালোরে ৪৬.২ ডিগ্রি, জয়সলমের, কারাউলি, কোটা, চুরু ও বিকানেরে ৪৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
কমবেশি একই পরিস্থিতি অন্য রাজ্যেও
উত্তর ভারতের উন্য রাজ্যগুলির মধ্যে হরিয়ানা-পঞ্জাবের পরিস্থিতিও কমবেশি একই। গরম বাতাসের কারণে চণ্ডীগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, এই দুই রাজ্যের অধিকাংশ জায়গার তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি বেশি।
আপাতত রক্ষার আশা নেই
আবহাওয়া দফতর জানিয়এছে, দিল্লি-এনসিআরে তাপপ্রবাহের পরিস্থিতি। রাজস্থান থেকে শুষ্ক পশ্চিমী বাতাস বইছে। আর আকাস পরিষ্কার থাকায় তাপ দ্রুত বাড়ছে। বুধবার পর্যন্ত আবহাওয়া এমনটা থাকবে। আপাতত এর থেকে রক্ষার আশা নেই।
কেমন পরিস্থিতি বাংলার
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারে পাশাপাশি সোমবারেও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থাকতে চলেছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি। এছাড়া পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তবে সোমবার থেকে বুধবার রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার রাজ্যের মধ্যে কলাইকুণ্ডায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়, পুরুলিয়া ও মালদহে ছিল যথাক্রমে ৩৭.৩, ৩৫.৩ এবং ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজগঞ্জে. ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস।












Click it and Unblock the Notifications