Weather Alert: অনেক রাজ্যেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস! বাংলা-সহ বিভিন্ন রাজ্যের আবহাওয়া একনজরে
Weather Alert: আগামী কয়েকদিনের মধ্যে দেশের অনেক জায়গাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুসারে ১৪ ও ১৫ অক্টোবর কাশ্মীর-গিলগিট-বালতিস্তান-মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু জায়গায় বজ্রপাত-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে ১১ অক্টোবর পর্যন্ত তামিলনাড়ু, সাউথ ইন্টেরিওর কর্নাটক, কেরলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এইসব জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তারপর তাপমাত্রা হ্রাস পেতে পারে।

হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তেমন কোনও পূর্বাভাস নেই। প্রসঙ্গত এই সতর্কতা এমন সময়ে দেওয়া হয়েছে, যখন সম্প্রতি সিকিমে মেঘভাঙা বৃষ্টিতে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে এবং এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
সিকিম সরকার ইতিমধ্যেই জানিয়েছে বুধবার ভোররাতের মেঘভাঙা বৃষ্টিতে তিস্তায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়। সেখানে এখনও পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে তরাই এলাকা অর্থাৎ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় তিস্তায় ৪১ জনের দেহ পাওয়া গিয়েছে।
সোমবার মৌসুমী বায়ু পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্য প্রদেশের বাকি অংশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, তেলেঙ্গানা, নর্থ ইন্টেরিয়র কর্নাটকের কিছু অংশ থেকে বিদায় নিয়েছে। এছাড়াও মহারাষ্ট্রের বেশিরভাগ এবং এবং আরব সাগরের মধ্যভাগ থেকে বিদায় নিয়েছে মৌসুমী বায়ু।
এদিকে তেলেঙ্গানা এবং সন্নিহিত উপকূল অন্ধ্রপ্রদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তর-দক্ষিণ একটি অক্ষরেখা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications