Weather Alert: বর্ষায় গড়ের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা, আশঙ্কা বন্যার! কী হতে পারে বাংলায়?
Weather Alert: এবছরে বর্ষায় বৃষ্টি হতে পারে গড়ের থেকে বেশি। যে কারণে জুন থেকে শুরু হতে যাওয়া বর্ষার মরসুমে বিস্তীর্ণ এলাকায় বন্যার আশঙ্কা ও করছেন আবহবিদরা। আগামী কয়েকমাসে প্রশান্ত মহাসাগরে লা নিনার কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন তাঁরা।
আমেরিকা ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সংস্থা ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জুন থেকে অগাস্টের মধ্যে লা নিনার ৪৯ শতাংশ প্রভাবের সম্ভাবনার কথা বলা হয়েছে। পরবর্তী মাসগুলিতে লা নিনা আরও শক্তিশালী হবে বলেও মনে করছে ওই সংস্থা।

- এল নিনোর পরে লা নিনার প্রভাব
সংস্থার তরফে বলা হয়েছে, শক্তিশালী এল নিনোর পরে লা নিনার প্রভাব দেখা যায়। তবে এল নিনো থেকে সরাসরি লা নিনায় নয়, তা যায় এনসো স্টেজে। যা আগামী মাসে তৈরি হতে চলেছে। জুন থেকে অগাস্টের মধ্যে লা নিনার সম্ভাবনা ৪৯ শতাংশ আর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে লা নিনার সম্ভাবনা ৬৯ শতাংশ।
- বেশি বৃষ্টিপাত, তীব্র শীত
বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগেকার লা নিনায় দেখা গিয়েছে বর্ষার মাসগুলিতে ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। তাঁরা সতর্ক করে বলেছেন, বৃষ্টিপাতের এই বৃদ্ধি নির্দিষ্ট কিছু অঞ্চলে বন্যার ঝুঁকি বাড়িয়ে দেয়।
বিপরীতে এল নিনো যখন ভারতে কঠোর গ্রীষ্ম এবং দুর্বল বর্ষা নিয়ে আসে, লা নিনা ভিন্ন পরিস্থিতি তৈরি করে। এটি উপমহাদেশে শক্তিশালী বর্ষা, গড়ের থেকে বেশি বৃষ্টিপাত এবং তীব্র শীতের সঙ্গে সম্পর্ক যুক্ত।
একথা উল্লেখ করা প্রয়োজন গত মাসে ভারতের আবহাওয়া দফতর, এবারের বর্ষায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তারা বলেছে, দেশের ৮০ শতাংশের বেশি জায়গায় জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ৮৭ সেমি কিংবা তার থেকে বেশি বৃষ্টিপাত হবে।
- তবে বাংলা-সহ কিছু অংশের জন্য অন্য বার্তা
এখানে আরও উল্লেখ করা প্রয়োজন, গত আটবছরের মধ্যে এইবারই প্রথম আবহাওয়া দফতর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তারা বলেছে, দেশের উত্তর-পশ্চিম, পূর্ব এবং উত্তর-পূর্ব এলাকায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হলেও, দেশের বাকি অংশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। সরকারি আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই মরসুমে বৃষ্টিপাত স্বাভাবিকের ১০৬ শতাংশ হতে পারে। দীর্ঘ সময়ের গড় ৮৭ সেমি হিসেবে ১০৬ শতাংশ বৃষ্টিপাতের অনুমান করা হচ্ছে।












Click it and Unblock the Notifications