Weather Alert: বর্ষায় বৃষ্টিপাত হতে পারে স্বাভাবিকের ওপরে! বাংলায় কী হতে পারে, কী বলছে আবহাওয়া দফতর
Weather Alert: দিন কয়েক আগে বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানিয়েছিল, এবারের বর্ষায় বৃষ্টিপাত হতে পারে স্বাভাবিক। আর এদিন সরকারি আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই মরসুমে বৃষ্টিপাত স্বাভাবিকের ১০৬ শতাংশ হতে পারে। দীর্ঘ সময়ের গড় ৮৭ সেমি হিসেবে ১০৬ শতাংশ বৃষ্টিপাতের অনুমান করা হচ্ছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তর-পশ্চিম, পূর্ব ও উত্তর-পূর্বের রাজ্যগুলির কিছু অঞ্চল ছাড়া দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত আশা করা হচ্ছে। আরও বলা হয়েছে, লা নিনা ভারতে অনুকূল বর্ষার সঙ্গে যুক্ত। যা কিনা অগাস্ট-সেপ্টেম্বরে সক্রিয় হতে পারে। দেশের পূর্ব অংশে বিহার , ঝাড়খণ্ড, ওড়িশা ও পশ্চিমবঙ্গে জুলাই ও অগাস্টে বৃষ্টির ঘাটতি থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

লা নিনা এফেক্ট
আইএমডি প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, ১৯৫১ থেকে ২০২৩-এর মধ্যে তথ্য বিশ্লেষণে দেখা গিয়েছে, নয় বছরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। যখন এল নিনোর পরে লা নিনা এসেছিল। আবহাওয়া দফতরের মতে বর্ষার শুরুর সময় এল নিনো দুর্বল হয়ে যেতে পারে। সেই সময় লা নিনাও দুর্বল থাকবে, তবে তা বর্ষাকে সাহায্য করবে।
আবহাওয়া দফতরের বিশ্লেষণে দেখা গিয়েছে, ২২ টি লা নিনা বছরের মধ্যে ১৯৭৪ ও ২০০০-এ স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হয়েছিল। কিন্তু বাকিগুলিতে স্বাভাবিক কিংবা তার থেকে বেশি বর্ষা হয়েছিল। দেশে বর্ষার আগমন ও প্রস্থান ধরা হয় ১ জুন থেকে ৩০ সেপ্টেম্বর। এই সময়ের মধ্যে দেশে বৃষ্টিপাতের গড় হতে পারে ৮৭ সেমি।
রয়েছে তুষারপাতের সঙ্গে সম্পর্ক
আইএমডির তরফে আরও বলা হয়েছে, এবারের বসন্তে উত্তর গোলার্ধে তুষারপাত ছিল স্বাভাবিকের থেকে কম। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বৃষ্টিপাতের সঙ্গে এর বিপরীত সম্পর্ক রয়েছে, তাই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত প্রত্যাশিত।
আইএমডি এক বিবৃতিতে বলেছে, ভারত মহাসাগরের ওপরে নিরপেক্ষ ভারতীয় মহাসাগর ডাইপোল (আইওডি) অবস্থা বিরাজ করছে। সেখানে সর্বশেষ পূর্বাভাসে মনে করা হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতিবাচক আইওডি বিকাশে সাহায্য করতে পারে। দেশে বর্ষার ৭০ শতাংশ পূরণ করে থাকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। দেশের কৃষিতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অবদানও প্রচুর। দেশের জিডিপিতে এর অবদান প্রায় ১৪ শতাংশের মতো।
আপাতত তাপপ্রবাহের সতর্কবার্তা
কয়েকদিনের মধ্যে লোকসভা নির্বাচনের প্রথম পর্যায় হতে চলেছে। এই সময় দেশের বেশিরভাগ অংশেই তাপপ্রবাহ কিংবা গরম ও অস্বস্তির আবহাওয়া বিরাজ করছে। সেই সময়ে এর ভাল বর্ষার পূর্বাভাস। তবে আইএমডির প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র সতর্ক করে বলেছেন, নির্বাচনের সময় দেশের মানুষকে তীব্র তাপের মুখে পড়তে হবে। এই আবহাওয়া পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।












Click it and Unblock the Notifications