Weather Alert: প্রথমবারের মতো এই রকমের শুকনোতম অগাস্ট! পরিস্থিতি থেকে উন্নতি কবে, কী বলছেন আবহাওয়াবিদরা
Weather Alert: প্রথমবারের মতো এই বছরের অগাস্ট এইরকমের শুষ্কতম হতে চলেছে। এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। এল নিনোর অবস্থার ফলেই এই পরিস্থিতি বলেও জানাচ্ছেন তাঁরা। এই বছরের বর্ষা ২০০৫ সালের পরে সব থেকে শুষ্ক হতে পারে। যেখানে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে ১৩ শতাংশের আশপাশে।
সব মিলিয়ে বৃষ্টিপাতের ঘাটতি ১৩ শতাংশ হলেও, অগাস্টেই বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে ৩২ শতাংশের মতোই। আগামী দিন দুয়েকে দেশের বড় অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তাই এই ঘাটতির কিছু অংশও পূরণ করা সম্ভবপর নয়। যে কারণে দেশের সব থেকে শুষ্কতম অগাস্ট হতে চলেছে ২০২৩-এর অগাস্ট মাস।

অগাস্টে সাধারণভাবে ২৫৪.৯ মিমি বৃষ্টিপাত হয়ে থাকে। যেখানে এই বছরে ঘাটতির পরিমাণ প্রায় ৩০ শতাংশের মতো। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৫ সালে অগাস্টে এই ঘাটতি ছিল ২৫ শতাংশ, ২০০৯ সালে ২৪.১ শতাংশ, ১৯৬৫ সালে ২৪.৬ শতাংশ, ১৯২০ সালে ২৪.৪ শতাংশ এবং ১৯১৩ সালে বৃষ্টিপাতের ঘাটতি ছিল প্রায় ২৪ শতাংশের মতো।
আবহাওয়া দফতরের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র সংবাদ মাধ্যমকে বলেছেন, অগাস্টে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাতের কারণ হল এল নিনো। এছাড়াও ম্যাডেন জুলিয়েন অসিলেশন প্রতিকূলতা তৈরি করেছে। ম্যাডেন জুলিয়েন অসিলেশন হল একটি সামুদ্রিক বায়ুমণ্ডলীয় ঘটনা, যা সারা বিশ্বের আবহাওয়াকে প্রভাবিত করে থাকে।
অন্যদিকে এল নিনো সাধারণভাবে ভারতে দুর্বল মৌসুমী বায়ু ও শুষ্ক আবহাওয়া সঙ্গে যুক্ত। ম্যাডেন জুলিয়েন অসিলেশন অনুকূল হলে নিম্নচাপের অনুপস্থিতিতেও বৃষ্টিপাত হয়ে থাকে। এই ম্যাডেন জুলিয়েন অসিলেশনের অনুকূল পর্যায়ের কারণে জুলাইয়ে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

দক্ষিণ চিন সাগরের ওপর থাকা নিম্নচাপ সিস্টেমগুলি সাধারণভাবে পশ্চিম দিকে সরে যায় এবং ভিয়েতনাম ও থাইল্যান্ড অতিক্রম করার পরে উত্তর বঙ্গোপসাগরে পৌঁছে যায়। তবে সেপ্টেম্বর মাস অগাস্টের মতো খারাপ হবে বলে আশা করছেন না আবহাওয়াবিদরা।
অগাস্ট মাস শেষ হতে আরও দুদিন বাকি রয়েছে। মঙ্গলবার পর্যন্ত সারা দেশে ১৬০.৩ মিমি বৃষ্টিপাত হয়েছে। সাধারণভাবে তা হওয়ার কথা ২৪১ মিমি। আবহাওয়াবিদরা এমনও বলছেন, যে ভারী বৃষ্টিপাতের কারণে বর্ষার মরসুম বৃষ্টির ঘাটতি দিয়ে শেষ নাও হতে পারে। সেই পরিস্থিতিতে আবহাওয়াবিদরা সেপ্টেম্বরে ভাল বৃষ্টির আশা করছেন।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পরে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। যেখান থেকে পূর্ব-মধ্য ও দক্ষিণ ভারতে বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications