হামাসের মতো হামলা হবে! প্রধানমন্ত্রী মোদীকে হুমকি বার্তা খালিস্তানি জঙ্গি পান্নুনের
কানাডায় আশ্রয় নেওয়া খালিস্তানি সন্ত্রাসবাদী গুরপতবন্ত সিং পান্নুনের একটি নতুন ভিডিও প্রকাশিত হয়েছে অনলাইনে। সেখানে তাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দিতে শোনা যাচ্ছে। সে বলছে ইজরায়েল-ফিলিস্তিন যুদ্ধ থেকে শিক্ষা নিতে হবে।
আমেরিকা ভিত্তিক নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের প্রধান পান্নুন বলেছে পঞ্জাব থেকে ফিলিস্তিন পর্যন্ত অবৈধ দখলদার লোকেরা প্রতিক্রিয়া জানাবে। সে আরও বলেছে হিংসা, হিংসার জন্ম দেয়। সে বলেছে, ভারত যদি পঞ্জাবের দখল অব্যাহত রাখে তবে তার প্রতিক্রিয়া হবে এবং তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়ী থাকবেন।

আহমেদাবাদে নির্ধারিত ভারত-পাকিস্তান বিশ্বকাপ ২০২৩ ম্যাচের আগে হুমকি দিয়ে পান্নুনের প্রথম ভিডিও সামনে আসে। তারপর তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এবার পান্নুনের দ্বিতীয় ভিডিও সামনে এল। আহমেদাবাদের সাইবার ক্রাইমের ডিসিপি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রেকর্ড করা হুমকির বার্তা একাধিক সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে দেওয়া হয়েছিল।
হুমকি বার্তায় আরও বলা হয়েছে, সিখ ফর জাস্টিস কানাডায় হরদীপ সিং নিজ্জার হত্যার প্রতিশোধ নেবে। প্রসঙ্গত অমৃতসরে জন্মগ্রহণকারী পান্নুন ২০১৯ সাল থেকে জাতীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে রয়েছেন। সেই সময় জাতীয় তদন্তকারী সংস্থা পান্নুনের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করে।
পান্নুনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ও কার্যক্রম পরিচালনা, হুমকি ও ভয় দেখানোর মাধ্যমে পঞ্জাব ও ভারতের অন্য অংশে ভীতি ও সন্ত্রাস ছড়ানোর জন্য প্রাথমিক ভূমিকা পালনের অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল।
২০২১-এর ৩ ফেব্রুয়ারি বিশেষ এনআইএ আদালত পান্নুনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। ২০২২-এর ২৯ নভেম্বর তাকে ঘোষিত অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছিল।












Click it and Unblock the Notifications