বিহারকে সেরা করব,আরও একবার ভরসা করুন,ভোটের আগে নীতীশের আর্জির ভিডিও
বিহার বিধানসভা নির্বাচন দোরগড়ায়। এমন সময় জনতা দল ইউনাইটেড (জেডিইউ) নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এক ভিডিও বার্তায় রাজ্যের মানুষকে আবারও এনডিএ কে ক্ষমতায় আনার আহ্বান জানালেন। নীতীশের বক্তব্য তার নেতৃত্বে বিহারের উন্নয়নের গতি বেড়েছে, তাই আরও একবার সুযোগ দিলে রাজ্যকে দেশের সেরা রাজ্যগুলির শীর্ষে তুলে দেওয়া সম্ভব।
শনিবার এক্স হ্যাণ্ডেলে প্রকাশিত সেই ভিডিও বার্তায় তিনি বলেন, "এবারও বিধানসভা নির্বাচনে এনডিএর প্রার্থীদের জয়ী করুন। এনডিএকে আরেকবার সুযোগ দিন। এরপর আরও বেশি উন্নয়ন হবে, বিহার দেশের শীর্ষ রাজ্যগুলির মধ্যে অন্যতম হবে।"

বিহারে দুই দফায় নির্বাচন হবে আগামী ৬ ও ১১ নভেম্বর, ভোটগণনা ১৪ নভেম্বর। ভিডিওতে নীতীশ কুমার বিরোধী দল বিশেষ করে আরজেডি-র উদ্দেশ্যে বলেন, ২০০৫ সালে তিনি যখন ক্ষমতায় আসেন তখন বিহার 'চরম অবহেলা ও অনুন্নয়নের' মধ্যে ছিল। তাঁর কথায়, "সেসময় 'বিহারি' পরিচয়টাও যেন উপহাসের বিষয় ছিল। আমি দিন রাত পরিশ্রম করেছি, সততার সাথে কাজ করেছি, যাতে সেই পরিস্থিতি বদলায়।"
তিনি দাবি করেন, তার সরকার শিক্ষা, স্বাস্থ্য, সড়ক পরিকাঠামো, চাকরি ও কর্মসংস্থানের সুযোগ সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে। শুধু তাই নয়, দলিত, পিছিয়ে পড়া শ্রেণি থেকে শুরু করে সাধারণ মানুষ সহ সমাজের প্রতিটি স্তরের জন্যই কাজ হয়েছে।
নারী স্বনির্ভরতায় সরকারের ভূমিকার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী নীতীশ। তাঁর ভাষায়,
"আগের সরকার নারীদের জন্য কিছুই করেনি। আমরা নারীদের এমন শক্তি ও স্বাবলম্বী হওয়ার সুযোগ দিয়েছি যাতে তারা এখন নিজেদের পরিবার ও ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলতে পারে।"
নির্বাচনের আগে নীতীশের এই ভিডিও বার্তা কতটা সাড়া ফেলবে, তা সময়েই ভোটবাক্সতেই জবাব মিলবে বলে মনে করছেন অনেকেই।












Click it and Unblock the Notifications