‘আমরা বলেছিলাম মণিপুর, তিনি ভেবেছিলেন করিনা কাপুর’, প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ কংগ্রেসের
আগামী ১৪ ডিসেম্বর রাজ কাপুরের শততম জন্মবার্ষিকী। যা নিয়ে ইতিমধ্যেই সাজোসাজো রব কাপুর পরিবারে। এবার রাজ কাপুরের এই শততম জন্মবার্ষিকীকে আকর্ষণীয় করে তুলতে নতুন প্রয়াস নিয়েছে কাপুর পরিবার। তার পরিবার তার ১০টি আইকনিক চলচ্চিত্র ভারতের ৪০টি শহর এবং ১৩৫টি সিনেমা হলে প্রদর্শিত করতে চলেছে।
যার মধ্যে রয়েছে PVR-INOX এবং Cinepolis-এর মত উন্নত টেকনলজির সিনেমা হল গুলিও। একটি জমকালো উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে কাপুর পরিবার। দর্শকদের ফের একবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে সেই স্বর্ণ যুগে।

আর এই জন্যেই, এই বিশেষ মুহুর্তের সাক্ষী থাকতে করিনা, করিশ্মা, রণবীর কাপুররা যান প্রধানমন্ত্রীর বাসভবনে। তাঁকে এই বিশেষ অনুষ্ঠানের জন্যে আমন্ত্রণ জানান তারা। তবে এবার এই নিয়ে জলঘোলা হল রাজনীতিতে।
বুধবার বলিউডের জনপ্রিয় কাপুর পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে কংগ্রেস দল কটাক্ষ করেছে। বৈঠকের কটাক্ষ করে কংগ্রেস নেতা পবন খেরা এদিন বলেন, "আমরা বলেছিলাম মণিপুর, তিনি ভেবেছিলেন করিনা কাপুর"।
রণবীর কাপুর, আলিয়া ভাট, করিনা কাপুর, করিশ্মা কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহনি, আদার জৈন, আরমান জৈন এবং নীতু কাপুর সহ কাপুর পরিবারের বেশ কয়েকজন সদস্য প্রধানমন্ত্রীর সাথে একটি গ্রুপ ছবির জন্য পোজ দিয়েছিলেন। সেখানে করিনা কাপুরের সাথে আলাদা করে কথা বলতেও দেখা যায় মোদীকে।
রাজ কাপুরের নাতনি করিনা কাপুর তার স্বামী সাইফ আলী খানের সঙ্গে ছিলেন। তিনি প্রধানমন্ত্রী মোদীর সাথে তার সাক্ষাতের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। একটি ছবিতে, প্রধানমন্ত্রীকে করিনার ছেলে তৈমুর এবং জেহের জন্য একটি অটোগ্রাফ স্বাক্ষর করতে দেখা যায়।
কাপুর পরিবারের সাথে সাক্ষাতের পরই কংগ্রেস এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। এখানেই তারা মণিপুর প্রসঙ্গ তুলে আনেন। প্রধানমন্ত্রীর উপর কয়েকটি সোয়াইপিং সিরিজের সর্বশেষ ঘটনা, তিনি ইচ্ছাকৃতভাবে মণিপুর সফর এড়িয়েছেন। মণিপুর যখন জ্বলছিল, তখন বিরোধীরা বারবার করে দাবি করলেও প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে একটি কথাও বলেননি। এমনকি যাননি দুর্গতদের সাথে দেখা করতে। যা নিয়ে কম সুর চড়ায়নি বিরোধীরা, সর্বপরী কংগ্রেস শিবির।
মণিপুরে মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত হিংসা গত বছরের মে থেকে শুরু হয়েছিল। যাতে মণিপুরের ২০০ জনেরও বেশি প্রাণ হারিয়েছিল। ঘটনায় দেশ জুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছিল। কিন্তু প্রধানমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। তাই এদিন সেই প্রসঙ্গ তুলে এনে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা পবন খেরা।












Click it and Unblock the Notifications