বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে যমুনার জল, দিল্লিতে বন্যার আশঙ্কা
ভারী বৃষ্টির সঙ্গে দ্রুত বাড়ছে যমুনার জল। যা ইতিমধ্যেই সতর্কতা স্তরের কাছাকাথি পৌঁছে গিয়েছে। যে কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দিল্লি সরকারের তরফে যমুনার কাছে যেতে কিংবা সাঁতার কাটা নিষেধ করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে নিচু এলাকাগুলি থেকে সরে যেতেও অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরেও যমুনায় জলস্ফীতির কারণে দিল্লির বিভিন্ন অংশ প্লাবিত হয়েছিল।

- কী বলছে দিল্লি সরকার
সংবাদ সংস্থা পিটিআই-এ প্রকাশিত খবর অনুযায়ী, দিল্লির সেচ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে পর্যালোচনা বৈঠক করেছেন। পরে এদিন তিনি বলেছেন, হরিয়ানার হথনিকুণ্ড ব্যারাজ থেকে জল ছাড়ার কারণে যমুনা নদীতে জলস্তর বাড়ছে।
দিল্লির মন্ত্রী আরও জানিয়েছেন পুরনো রেল সেতুতে নদীর জলস্তর ২০৪.৩৫ মিটারে পৌঁছেছে। যেখানে বিপদ সীমা হল ২০৪.৫০ মিটার। তিনি আরও জানিয়েছেন, এই পরিস্থিতিতেও হরিয়ানার হথনিকুণ্ড ব্যারাজ থেকে ১০ থেকে ১৩ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে।
- সতর্কতামূলক ব্যবস্থা
মন্ত্রী জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনগণকে নদী থেকে দূরে থাকতে এবং যাতে নদীতে সাঁতার কাটা থেকে বিরত থাকেন, তা ঘোষণা করা হয়েছে। সেচ বিভাগ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগ নৌকার ব্যবস্থা রেখেছে। প্রয়োজনে উদ্ধার কাজ চাালানোর প্রস্তুতিও রাখা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। সৌরভ ভরদ্বাজ বলেছেন নদীর জল বিপদ সীমায় পৌঁছলে উদ্ধার অভিযান শুরু করা হবে, যাতে লোটকজনকে নিরাপদ জায়গায় পাঠানো যায়।
- আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে
আপ মন্ত্রিসভার মন্ত্রী আরও জানিয়েছেন, গতবার বর্ষায় যমুনার দুই পাড় প্লাবিত হয়েছিল। সেই পরিস্থিতি এবার যাতে না হয়, তার জন্য সরকার প্রস্তুতি নিয়েছে। নদীর প্রবাহে বাধা অপসারণ করা হয়েছে। পাশাপাশি পলিও সরানো হয়েছে।












Click it and Unblock the Notifications