একতা দিবসের মঞ্চে মোদীর হুঁশিয়ারি, কাদের উদ্দেশ্যে ইঙ্গিত? জানুন
সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তীতে রাষ্ট্রীয় একতা দিবসের মঞ্চ থেকে দৃঢ় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটির পাদদেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আজ ভারত তার শত্রুদের কাছে স্পষ্ট বার্তা পাঠাতে সক্ষম। "ভারত সিদ্ধান্ত নেয়, ভারত শক্ত হাতে জবাব দেয়, তা গোটা বিশ্ব দেখে।"
এদিন ফের আরেকবার মোদী স্মরণ করালেন অপারেশন সিঁদুরের কথা। তাঁর দাবি, এই অভিযানের মাধ্যমেই বিশ্বে স্পষ্ট হয়েছে যে ভারত নিজের সীমান্তেই নয়, প্রয়োজনে শত্রুর ঘাঁটিতে ঢুকে জবাব দিতে পারে।

প্রধানমন্ত্রীর কথায়, "আজ পাকিস্তান ও সন্ত্রাসবাদীদের মদতকারীরা ভারতের প্রকৃত শক্তি বুঝে গেছে। ভারতকে চোখ রাঙালে, ভারত ঘরে ঢুকে আঘাত করে।" তিনি বলেন, শক্তিশালী, আত্মমর্যাদাসম্পন্ন ভারতের স্বপ্নই ছিল বল্লভভাই প্যাটেলের।
এদিন কংগ্রেসকে একহাতে নিয়ে প্রধানমন্ত্রী বলেন স্বাধীন ভারতের সংহতি ও একতার যে দর্শন প্যাটেল দেখিয়েছিলেন, সেই মূল্যবোধ ভুলে গিয়েছিল আগের সরকারগুলো।
মোদীর কথায়, ২০১৪ সালের আগে নকশালবাদ দেশের বিস্তীর্ণ অংশে নিজেদের রাজত্ব চালাত।
"স্কুল, কলেজ, স্বাস্থ্যকেন্দ্র উড়িয়ে দেওয়া হতো। প্রশাসন খুব অসহায় ছিল। আমরা কড়া পদক্ষেপ নিয়েছি। যেখানে আগে ১২৫ জেলা নকশাল প্রভাবিত ছিল, সেখানে এখন মাত্র ১১।"
দেশের ঐক্য ও নিরাপত্তার ক্ষেত্রে অবৈধ অনুপ্রবেশ বড় বিপদ বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য দেশের নিরাপত্তা নিয়ে খেলা হয়েছে। যারা অনুপ্রবেশকারীদের পক্ষ নেয়, তারা ভারতকে দুর্বল করার চেষ্টা করছে। দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে বিপদের মুখে পড়ে প্রতিটি নাগরিক।"
এদিন মোদী দৃঢ়কন্ঠে ঘোষণা করেন "ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের সরাতেই হবে। এটাই আমাদের সংকল্প।"
এদিন মোদী তার বক্তব্যের শেষের দিকে সর্দার বল্লভভাই প্যাটেলের মূল মন্ত্র স্মরণ করান ভিন্নতার মধ্যেই ঐক্য। "মতভেদ থাকতে পারে, হৃদয়ের সম্পর্ক যেন ভাঙে না। ঐক্যবদ্ধ ভারতই শক্তিশালী ভারত।"
এর আগে প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৮২ মিটার উঁচু স্ট্যাচু অফ ইউনিটিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ও উপস্থিত সকলকে একতার শপথ পাঠ করান।
২০১৪ সাল থেকে প্রতি বছর ৩১ অক্টোবর 'রাষ্ট্রীয় একতা দিবস' হিসাবে পালিত হচ্ছে, স্বাধীনতার পর ভারতের দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করার জন্য সর্দার বল্লভভাই ঐতিহাসিক ভূমিকাকে স্মরণে রাখতে।












Click it and Unblock the Notifications