Waqf Amendment Bill: সংসদে পাস হওয়ার পর এবার রাষ্ট্রপতির সিলমোহর, আইনে পরিণত ঐতিহাসিক ওয়াকফ সংশোধনী বিল
Waqf Amendment Bill: আইনে পরিণত হল ওয়াকফ সংশোধনী বিল। শনিবার তাতে স্বাক্ষর করে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২ দিন ধরে সংসদের দুই কক্ষে ম্যারাথন বিতর্কের পর পাস হয় ওয়াকফ সংশোধনী বিল। আর এবার শনিবার রাতে রাষ্ট্রপতির এক স্বাক্ষরে আইনে পরিণত হল ওয়াকফ বিল। ওয়াকফ বোর্ডের সম্পত্তির বেহাত হওয়া এবার অসম্ভব।
ওয়াকফ বোর্ডের কর্মপদ্ধতি ও সম্পত্তির উপর নিয়ন্ত্রণের জন্য ওয়াকফ সংশোধনী বিল আনে কেন্দ্র। রাজ্যসভায় ১৩ ঘণ্টার বিতর্ক শেষে পাস হয় বিল। পক্ষে ভোট পড়ে ১২৮টি ও বিপক্ষে ভোট পড়েছিল ৯৫টি। তার আগে লোকসভায় ১২ ঘণ্টার বিতর্ক শেষে পাস হয় বিল। লোকসভায় ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে ভোট ছিল ২৮৮টি ও বিপক্ষে ভোট পড়ে ২৩২টি। রাষ্ট্রপতির অনুমোদনের পর এবার থেকে আর বিল নয়, ওয়াকফ সংশোধনী আইন, ২০২৫ বলা হবে।

ভারত সরকারের গেজেটিয়রে ইতিমধ্যেই সংশোধনী আইনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নতুন আইন অনুযায়ী 'ওয়াকফ' শব্দের পরিবর্তে হিন্দিতে ব্যবহার করা হবে 'উমিদ' শব্দটি। যার বাংলা অর্থ 'প্রত্যাশা'। ওয়াকফ শব্দের অর্থ এক্ষেত্রে 'ঐক্যবদ্ধ ওয়াকফ ব্যবস্থাপনা, ক্ষমতায়ন, দক্ষতা ও উন্নয়ন'। ১৯৯৫ সালের ওয়াকফ আইনে সংশোধনী আনল কেন্দ্র। দেশজুড়ে ওয়াকফ সম্পত্তিগুলির পরিচালনা ও প্রশাসনিক উন্নয়নের লক্ষ্যে তৈরি হল ওয়াকফ সংশোধনী আইন।
এদিকে, ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হতেই দিকে দিকে প্রতিবাদে নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে একাধিক মুসলিম সংগঠন। আইনের বিরোধিতা করে এদিন প্রতিবাদ প্রদর্শন করা হয় তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে। এছাড়াও রাজধানী দিল্লিতেও প্রতিবাদে নামে মুসলিম সংগঠনগুলি। উত্তরপ্রদেশের মুজফফরনগরে কালো ব্যাজ পরে প্রতিবাদ জানানোয় ২৪ জনের বিরুদ্ধে নোটিস জারি করেছে সরকার। দেশজুড়ে ওয়াকফ আইনের বিরোধিতায় পথে নামার ডাক দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।
কংগ্রেস-সহ বিরোধী দলগুলি প্রথম থেকেই বিরোধিতা করে এসেছে ওয়াকফ সংশোধনী বিলের। ওই বিল অসাংবিধানিক ও অগণতান্ত্রিক বলে দাবি করেছে কংগ্রেস। সংখ্যালঘুদের ধর্মীয় ব্যাপারে নাকি সরকার হস্তক্ষেপ করছে বলে দাবি করে কংগ্রেস। ওয়াকফ বোর্ডে অ-মুসলিমদের নিয়োগেরও বিরোধিতা করে কংগ্রেস। আম আদমি পার্টির নেতা আমানুতল্লাহ খান ও মিম পার্টির প্রধান আসাদউদ্দিন ওয়েইসি বিলের বিরোধিতায় আবার সুপ্রিম কোর্টে দরখাস্ত আবেদনও করেছেন। যদিও রাষ্ট্রপতির সইয়ে শনিবার রাতেই আইনে পরিণত হয়ে গেল ঐতিহাসিক ওয়াকফ সংশোধনী বিল।












Click it and Unblock the Notifications