Waqf Amendment Bill: ওয়াকফ বিল পাস হতেই গভীর রাতে লোকসভায় বিরোধীদের হইচই, মণিপুর নিয়ে আলোচনা দাবি!
Waqf Amendment Bill: দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা বিতর্কের পর অবশেষে লোকসভায় পাস হল ঐতিহাসিক ওয়াকফ সংশোধনী বিল। বুধবার গভীর রাতে পাস হল বিল। মধ্যরাত পেরিয়েও চলে ভোটাভুটি। বিলের পক্ষে ভোট পড়েছে ২৮৮টি। বিপক্ষে ভোট দিয়েছেন ২৩২ জন সাংসদ। ম্যারাথন বিতর্ক শেষে অবশেষে পাস বিল। গভীর রাতেও উত্তপ্ত হল সংসদের নিম্ন কক্ষ। মণিপুর নিয়ে সংসদে আলোচনার দাবি বিরোধীদের।
বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। যৌথ সংসদীয় কমিটির পরামর্শের উপর ভিত্তি করে সংশোধিত বিল পেশ হয় লোকসভায়। ওয়াকফ বিলে ১৪টি সংশোধনে অনুমোদন করেছিল যৌথ সংসদীয় কমিটি। রাত ১টা নাগাদ ধ্বনি ভোটের মাধ্যমে প্রায় ৪০টি সংশোধনী নিয়ে ভোটাভুটি হয়। সাংসদদের নাম ও কেন্দ্র ধরে ধরে সংশোধনী দাবিগুলি পেশ করেন স্পিকার ওম বিড়লা। এরপর মাল্টিমিডিয়া ডিভাইসে চলে ভোটাভুটি।

বৃহস্পতিবার দুপুর ১টায় রাজ্যসভায় পেশ করা হবে বিল। ভারতজুড়ে ওয়াকফ সম্পত্তির পরিচালনা ও তার উপর নিয়ন্ত্রণের জন্য ওয়াকফ সংশোধনী বিল আনে কেন্দ্র। যদিও সেই বিল একাধারে অসাংবিধানিক ও মুসলিম বিরোধী বলে তোপ দেগেছে বিরোধীরা। গত বছর অগাস্ট মাসে সংসদে পেশ করা হয় ওয়াকফ বিল। বিরোধীদের তীব্র প্রতিবাদের মাঝেও যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয় বিল। বিল নিয়ে চরম বিতর্কের ঝড় ওঠে সংসদে।
এর আগে বিরোধীদের আনা ৪৪টি সংশোধনী খারিজ করে দেয় জগদম্বিকা পালের নেতৃত্বাধীন প্যানেল। গত ফেব্রুয়ারিতে বিলে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার রাজ্যসভায় পাস হয়ে গেলে রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর আইনে পরিণত হবে ওয়াকফ সংশোধনী বিল। বুধবার ওয়াকফ সংশোধনী বিল পেশের আগে কিরেন রিজিজু বলেন, "ঐতিহাসিক দিন। দেশের হিতার্থেই এই বিল পেশ করা হচ্ছে।"
লোকসভার সকল সদস্যদের বিল নিয়ে মতামত প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তবে বিরোধীদের নিশানা করে তিনি আরও বলেন, "কিছু সদস্য বিলকে অসাংবিধানিক বলেছেন। তাইই যদি হয়, তাহলে তারা বিলকে বয়কট করছেন না কেন? এক্ষেত্রে অসাংবিধানিক শব্দ ব্যবহার করা ঠিক নয়।" এদিকে রাত প্রায় ২ টো নাগাদ স্পিকার ভোটাভুটির ফলাফল জানাতেই বিরোধীরা মণিপুর ইস্যুতে এককাট্টা হন।












Click it and Unblock the Notifications