জারি হলো SIR-এর সংশোধিত তারিখ! প্রকাশ্যে নতুন সময় সূচি, চূড়ান্ত তালিকা কবে? কী জানালেন উত্তরপ্রদেশের CEO?
উত্তরপ্রদেশে চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া অর্থাৎ SIR (Special Intensive Revision) নিয়ে এবার নতুন করে সূচি প্রকাশ করল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) নবদীপ রিনওয়া (Navdeep Rinwa) জানিয়েছেন যে, ১লা জানুয়ারি ২০২৬-কে ভিত্তি করে এই সংশোধিত সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, আগামী ৬ জানুয়ারি ২০২৬ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। এরপর ৬ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ভোটারদের কাছ থেকে তাঁদের দাবি এবং কোন কোন বিষয়ে আপত্তি আছে সেগুলি শোনা হবে। সেই সঙ্গে ৬ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত নোটিস দেওয়া থেকে শুরু করে আবেদন যাচাই এবং দাবি-আপত্তির নিষ্পত্তির কাজগুলি চলবে। সমস্ত প্রক্রিয়া শেষ করে ৬ মার্চ ২০২৬ তারিখ প্রকাশিত হবে উত্তরপ্রদেশের চূড়ান্ত ভোটার তালিকা।
উল্লেখ্য, এই বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই রাজ্যে নানারকমের বিতর্ক তৈরি হয়েছে। এর আগে রাজ্যে বিশেষভাবে ভোটার তালিকা যাচাইয়ের কাজ করা হয়েছিল। আর এই অভিযান শুরু হয়েছিল ৪ নভেম্বর এবং শেষ হয়েছে ২৬ ডিসেম্বর। এই সময়ে ভোটার তালিকা থেকে অনেক নামই বাদ দেওয়া হয়।
সরকারি হিসেব অনুযায়ী, নতুন খসড়া ভোটার তালিকায় প্রায় ১২ কোটি ৫৫ লক্ষ ভোটার থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবার, মৃত্যুর তথ্য, ঠিকানা বদল অথবা একাধিক জায়গায় নাম নথিভুক্ত থাকার মতো কারণে প্রায় ২ কোটি ৮৯ লক্ষ নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাঁরা যদি কোনও বিষয়ে কিছু জানতে চান অথবা কোনও বিষয়ে নিজেদের আপত্তি জানাতে চান তাহলে তাঁদের সেই সুযোগও দেওয়া হবে। নবদীপ রিনওয়া জানিয়েছেন যে, বাদ পড়া ভোটাররা আবার নতুন করে ফর্ম ৬ জমা দিয়ে নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন। নতুন ভোটাররাও সেই একই ফর্ম ব্যবহার করবেন। কারও নাম ভুলভাবে তালিকায় ঢুকেছে বলে আপত্তি জানাতে হলে ফর্ম ৭ জমা দিতে হবে।
ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যায় নাম বাদ পড়ার কারণে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলি এই প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। যদিও রাজ্যের শাসক দল বিজেপি সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
সব মিলিয়ে, ভোটার তালিকার এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এবং নতুন সূচি আগামী দিনে উত্তরপ্রদেশের রাজনীতিতে আরও আলোচনার বিষয় হয়ে উঠতে চলেছে।












Click it and Unblock the Notifications