কর্নাটকে সেঞ্চুরি পার করা ভোটার প্রায় ১৭ হাজার, নতুন ভোটার হলেন ৯ লক্ষাধিক
কর্নাটক নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল। এবার এক দফায় ভোট হবে ১০ মে। এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ৫ কোটি ২১ লক্ষ ৭৩ হাজার ৫৭৯ জন। মোট ভোটরের মধ্যে এবার সেঞ্চুরি পার করা ভোটার রয়েছেন প্রায় ১৭ হাজার। আর নতুন ভোটার হয়েছে ৯ লক্ষাধিক।

বুধবার সাংবাদিক বৈঠক করে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, কর্নাটকের ভোটার তালিকায় ১২লক্ষ ১৫ হাজার ভোটার রয়েছেন, যাঁদের বয়স ৮০ বছরের বেশি। আর ১৬ ৯৭৬ জন ভোটরের বয়স ১০০ বছর বা তার বেশি। এই সংখ্যক সেঞ্চুরি পার করা ভোটারের উপস্থিতি চমকপ্রদ।
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আরও জানিয়েছেন, এবার কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে নতুন ভোটার তালিকায় স্থান পেয়েছেন ৯ লক্ষ ১৭ হাজার ভোটার। ২০১৮-১৯ সালের পর প্রথম বারের ভোটার বেড়েছে এই বিপুল সংখ্যক।
ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর ১ এপ্রিলের মধ্যে যাদের বয়স ১৮ বছর সম্পূর্ণ হয়েছে, সেই সমস্ত তরুণ ভোটার এবার কর্নাটক বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনার এবার ভোটার তালিকা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
রাজীব কুমার জানান, এবারের ভোটার তালিকায় যাদের বয়স ৮০ বছরের বেশি এবং যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের বাড়ি থেকে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে। এখানে উল্লেখ্য, এবার ৮০ বছরের বেশি ভোটার রয়েছেন ১২ লক্ষ ১৫ হাজার। আর ১০০ বছর বা তার বেশি বয়সী ভোটার রয়েছে ১৬৯৭৬ জন। তাঁরা সবাই বাড়িতে থেকে ভোট দিতে পারবেন।
মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, কর্নাটক রাজ্যে মোট ভোটার সংখ্যা ৫ কোটি ২১ লক্ষ ৭৩ হাজার ৫৭৯। এর মধ্যে ২.৬২ কোটি পুরুষ এবং ২.৫ কোটি মহিলা। রাজ্যের আদিম উপজাতিদের মধ্যে ১০০ শতাংশ ভোটার নিবন্ধন হয়েছেন৷ ৩০৮০৭ জন ভোটারের নাম নথিভুক্ত করা হয়েছে এবং ৪০ পোলিং বুথ স্থাপন করা হয়েছে।
মুখ্য নির্বাচন কমিশনারের তরফে আরও জানানো হয়েছে, কর্নাটকে মোট পোলিং স্টেশন ৫৮২৮২। শহরের বুথ সংখ্যা ২৪০৬৩ এবং গ্রামের বুথ ৩৪২১৯। প্রতি বুথে গড় ভোটার ৮৮৩। এর মধ্যে মডেল বুথ করা হয়েছে ২৪০টি। বুধবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, এবার কর্নাটকে নির্বাচন হচ্ছে ১০ মে। ভোট গণনা ১৩ মে। নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে ১৩ এপ্রিল।












Click it and Unblock the Notifications